রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় গতি দেখছেন না বিশ্লেষকরা
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:২৮
যুক্তরাষ্ট্রের উদ্যোগ সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ অবসানে এখনও জটিলতা রয়ে গেছে। সিএনএনের খবর বলছে, রণাঙ্গনে সাম্প্রতিক রুশ হামলার ভয়াবহতা ইউক্রেনে শান্তির সম্ভাবনাকে ক্রমেই কঠিন করে তুলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা নতুন করে শুরু হলেও বাস্তবে এর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংবাদমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের আশার কথা জানালেও পূর্ব ইউরোপের মাঠ পর্যায়ের চিত্র দেখে সে সম্ভাবনা কঠিন মনে হয়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ ও মস্কো সফর শেষ করার পরপরই রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। গত কয়েক দিনের এসব হামলায় কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এমনকি মলদোভার আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের কারণে আঞ্চলিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া বাইরে থেকে কূটনৈতিক সৌজন্য প্রকাশ করলেও রণাঙ্গনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা ঠিকই অব্যাহত রেখেছে। তাদের মনোভাব ট্রাম্পের শান্তি উদ্যোগকে শুরুতেই বড় ধরনের সংকটে ফেলেছে।
দোনবাস দখলের চেষ্টা, বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশনা
দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত পূর্ব ইউক্রেনের দোনবাস দখলের জন্য অভিযান জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহর দুটিতে তারা ড্রোন ও গ্লাইড বোমা হামলা তীব্র করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনীয় পুলিশ ও স্থানীয় প্রশাসন শহর দুটি থেকে বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রতিরক্ষা ভাঙতে রাশিয়া প্রতিনিয়ত বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ক্রামাতোরস্কের আবাসিক এলাকায় ছোড়া বোমার আঘাতে বহু মানুষ হতাহত হয়েছেন, যা দোনবাস ইউক্রেনের হাতছাড়া হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
রুশ ড্রোন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৭
হামলার মাত্রা শুধু রণাঙ্গনেই সীমাবদ্ধ নেই, বেসামরিক অবকাঠামোতেও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের পাভলোহ্রাদ শহরের একটি জনবহুল শপিং মলে রুশ ড্রোনের আঘাতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, বেসামরিক নাগরিকদের ক্লান্ত ও আতঙ্কিত করতেই রাশিয়া জনবহুল স্থানে নিয়মিত এমন বর্বর আক্রমণ চালাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনও রাশিয়ার সীমান্ত এলাকা এবং ড্রোন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে।
রণাঙ্গনে রোবট ব্যবহার বাড়িয়েছে ইউক্রেন
যুদ্ধক্ষেত্রে বিপুল জনবলের ঘাটতি পূরণ এবং সৈন্যদের জীবন রক্ষার লক্ষ্যে ব্যাপকভাবে প্রযুক্তির ওপর নির্ভর করছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী চালকবিহীন গ্রাউন্ড ভেহিকলের (ইউজিভি) ব্যবহার বাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এক হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ রণাঙ্গনে চার চাকার এই ছোট রোবটগুলো বিস্ফোরক বহন, প্রতিপক্ষের বাঙ্কারে আক্রমণ, গোলাবারুদ সরবরাহ এবং আহত সৈন্যদের ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হচ্ছে। সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লব বলে অভিহিত করছেন।