ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুদিনের সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

দুদিনের সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প
×

ছবি: রয়টার্স

এপি ও বিবিসি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯

দুই দিনের অনানুষ্ঠানিক সফরে আয়ারল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডাবলিনে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলি ও প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি। এরপর কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে নিজের মালিকানাধীন গলফ ক্লাবে যাবেন ট্রাম্প। সেখানে চলমান ‘অ্যামজেন আইরিশ ওপেন’ গলফ টুর্নামেন্ট দেখবেন তিনি।

ডাবলিনে ট্রাম্প আইরিশ নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর দেশের আটলান্টিক উপকূলে অবস্থিত ডুনবেগের গলফ ক্লাবে যাবেন তিনি। টুর্নামেন্টটি রোববার শেষ হবে।

ট্রাম্পের সরকারি দায়িত্বের সঙ্গে তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের এই সংমিশ্রণ নিয়ে আয়ারল্যান্ডে সমালোচনাও হচ্ছে। তার সফরকে কেন্দ্র করে ডাবলিনের ফিনিক্স পার্ক ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মার্টিনের সঙ্গে সরকারি ফার্মলেই স্টেট গেস্টহাউসে বৈঠক, প্রেসিডেন্ট কনোলির সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে।

সফরকে কেন্দ্র করে ডাবলিন ও ডুনবেগে বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে। বামপন্থী বিরোধী দল, সামরিক-বিরোধী গোষ্ঠী, ফিলিস্তিনপন্থী সংগঠন, পরিবেশবাদীসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্পের এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ ডুনবেগে তার মালিকানাধীন গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘অ্যামজেন আইরিশ ওপেন’। গলফের প্রতি আগ্রহের কারণে তিনি নিয়মিত নিজের মালিকানাধীন বিভিন্ন ক্লাবে খেলেন। চলতি বছর তার মালিকানাধীন কোনো স্থাপনায় অনুষ্ঠিত দ্বিতীয় ইউরোপিয়ান ট্যুর ইভেন্ট এটি। এর আগে গত মাসে স্কটল্যান্ডের অ্যাবারডিনে তাঁর গলফ কোর্সে ‘নেক্সো চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।

এর আগে গত মার্চে সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাকে আয়ারল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। দুই দেশের বাণিজ্য ও পররাষ্ট্রনীতির পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও তাঁদের আলোচনায় আসতে পারে। ট্রাম্প এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ড সফর করেছিলেন।

আরও পড়ুন

×