ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক
×

ইরাক-ইরান সীমান্তের শালামচেহ ক্রসিংয়ে এক ইরানি যাত্রী। ছবি: রয়টার্স

রয়টার্স

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৮

সৌদি আরবে সর্বশেষ ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ শালামচেহ সীমান্তপথ বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক। শনিবার দেশটির দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, সৌদি আরবে হামলার ঘটনায় জড়িতদের ধরতে ইরাকে ব্যাপক অভিযান চলছে। এর মধ্যেই শালামচেহ সীমান্তপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরাক ও ইরানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থলসীমান্তপথ শালামচেহ। ইরান থেকে ইরাকে যাতায়াত এবং পণ্য পরিবহনে এই সীমান্তপথটি গুরুত্বপূর্ণ।

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। হামলার পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ইরাকের সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে তাই সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাগদাদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।

হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার এমন সময়ে পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হলো।
 

আরও পড়ুন

×