ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৫
ইন্দোনেশিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে এখনও নিখোঁজ রয়েছেন ১৩০ জন। ফেরিটিতে ৩০ জন ক্রুসহ মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে ছেড়ে যায় ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি। রোববার ভোরে জাভা সাগরে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন গন্তব্য থেকে ফেরিটি প্রায় ১৫০ কিলোমিটার দূরে ছিল।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ফেরিটি উল্টে যায়। তবে এটি পুরোপুরি ডুবে যায়নি।
দেশটির পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি বানজারমাসিনে এক সংবাদ সম্মেলনে বলেন, হেলিকপ্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফেরিটি উল্টে গেছে। তবে স্থানীয় সময় বিকেল তিনটা পর্যন্ত এটি ডুবে যায়নি।
প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান ই পুতু সুদায়ানা বলেন, ঘটনাস্থলে প্রায় আড়াই মিটার উচ্চতার ঢেউ রয়েছে। ফলে উদ্ধারকারী জাহাজগুলোকেও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।
তিনি বলেন, বাসারনাসের ৪০ মিটার দীর্ঘ জাহাজটিও সেখানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। উদ্ধার অভিযানে একটি হেলিকপ্টারও যুক্ত হয়েছে। বিভিন্ন জাহাজের মাধ্যমে উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। তাদের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়া হবে।
বানজারমাসিনে উদ্ধার তৎপরতার জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের তালিকা একটি সাদা বোর্ডে হালনাগাদ করা হচ্ছে। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন যাত্রীদের পরিবারের সদস্য ও স্বজনেরা।
জেনাহ নামের ২৬ বছর বয়সী এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, তার বড় ভাই ফেরিতে একা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি। ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন জেনাহ বলেন, তিনি আশা করছেন তার ভাই জীবিত আছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
- বিষয় :
- ইন্দোনেশিয়া
- ফেরি
- মৃত্যু
- নিখোঁজ