সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের
হুতি বিদ্রোহী গোষ্ঠীর কয়েক সদস্য। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৩
সৌদি আরবের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার তারা জানিয়েছে, রিয়াদের বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, তাদের অভিযানের লক্ষ্যবস্তু ছিল সৌদির খামিস মুশাইতে কিং খালিদ বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদের গুদাম। সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হামলার আগে সৌদির সিভিল ডিফেন্সের পক্ষ থেকে খামিস মুশাইত ও আবহা শহরে সতর্কবার্তা জারি করা হয়। খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে বলেন, তিনি তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর আগুন ধরে দীর্ঘ সময় জ্বলতে থাকে।
হুতি মুখপাত্রের অভিযোগ, গত পাঁচদিনে সৌদি আরব ইয়েমেনে ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলা খামিস মুশাইত ও তাইফ বিমানঘাঁটি থেকে চালানো হয়।
দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে হুতি গোষ্ঠী লোহিত সাগরের উপকূলীয় এলাকা নিজেদের দখলে নিয়েছে। বাব এল-মান্দেবেও নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এতদিন মান্দেব প্রণালি সৌদির তেল রপ্তানির গুরুত্বপূর্ণ জলপথ ছিল।
- বিষয় :
- হুতি বিদ্রোহী
- সৌদি আরব
- সামরিক ঘাঁটি
- হামলা