পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতাকে গণপিটুনি
মারধরের শিকার তৃণমূলের দুই নেতা। ছবি: ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৭
ভারতের পশ্চিমবঙ্গের দুই জেলায় ‘ক্ষুব্ধ জনতা’র রোষানলে পড়ে গণপিটুনির শিকার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের দুই নেতা। রাজ্যের উত্তর দিনাজপুরে সাবেক এক বিধায়ককে তাড়া করে ডিম নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। একই দিনে উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েত সমিতির এক সভাপতিকে বেল্ট ও জুতা দিয়ে পিটিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল মঙ্গলবার এ ঘটনা দুটি ঘটে। দুটি ঘটনারই একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রথম ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করণদীঘি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর এলাকায় ফিরে গতকাল মঙ্গলবার ব্লক ডেভেলপমেন্ট অফিসে (বিডিও) যান করণদীঘির সাবেক বিধায়ক গৌতম পাল। এ সময় একদল নারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ রয়েছে, এরপরই তার উদ্দেশে ডিম ছোড়া হয় এবং চড়-থাপ্পড় মারা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের কাছে পরাজিত হওয়ার পর গৌতম পালকে এলাকায় খুব একটা দেখা যায়নি। গতকাল হঠাৎ তার আগমনের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলাতেও তৃণমূলের এক নেতাকে গণপিটুনির ঘটনা সামনে এসেছে। বসিরহাট মহকুমার বসিরহাট-২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল এ হামলার শিকার হন। জানা গেছে, গতকাল মঙ্গলবার পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে বিক্ষোভ করেন একদল নারী-পুরুষ। তাকে লক্ষ্য করে গালাগাল করার পাশাপাশি বেল্ট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, এরপর তাকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বিডিও অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও জুতো দিয়ে পেটানো হয়। এমনকি তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। এ সময় তার সহকর্মীরাও রেহাই পাননি।
উল্লেখ্য, এ বছরের এপ্রিলে অনুষ্ঠিত রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বিজেপির ২০৭ আসনের বিপরীতে তৃণমূল জয়লাভ করে ৮০ আসনে। ক্ষমতা হারানোর পর থেকেই চাপে আছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের পর দলটিতে একাধিক ভাঙন হয়েছে।
- বিষয় :
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস