ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মক্কার দিকে হুতিদের ড্রোন, মুসলিম বিশ্বে সমালোচনা ও নিন্দা

মক্কার দিকে হুতিদের ড্রোন, মুসলিম বিশ্বে সমালোচনা ও নিন্দা
×

ছবি: ফাইল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:২২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:২২

ইয়েমেনের হুতিরা ইসলামের পবিত্র শহর মক্কা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট।  বুধবার এই অভিযোগ তোলা হয়। বিষয়টি এরই মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে মুসলিম বিশ্বে। বাংলাদেশসহ একাধিক দেশ নিন্দাও জানিয়েছে। তবে হুতিরা অভিযোগটি অস্বীকার করেছে।

রিয়াদ প্রথমে এক বিবৃতিতে জানায়, মক্কা অভিমুখে যেতে থাকা একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। পরে বিষয়টিকে মিথ্যা বলে আখ্যা দেয় হুতিরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ইরান সমর্থিত হুতি ও ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। মূলত লোহিত সাগরে নৌ অবরোধ দেওয়াকে কেন্দ্র করেই এই লড়াইয়ের সূত্রপাত। হুতিরা চায় না বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পারাপার হোক।

গত সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগরের পুরো উপকূল এবং বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়ে নেয়। হরমুজ প্রণালির পর এটিও অবরুদ্ধ হয়ে পড়ায় কার্যত বিপাকে পড়ে গেছে সৌদি আরব। সামাজিক মাধ্যম এক্সে হুতি পলিটব্যুরোর হাজেম আল-আসাদ লিখেছেন, মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর এসব দাবি পুরোনো মিথ্যা এবং আগেও ব্যবহার করা হয়েছে। এটি কাউকে বোকা বানাচ্ছে না। এএফপির খবর বলছে, এর আগের এক সংঘাতেও হুতিদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল সৌদি আরব। 

সৌদি জোট এরই মধ্যে জানিয়েছে, পবিত্র দুই মসজিদ ও সেখানে আগত ধর্মপ্রাণদের নিরাপত্তা লঙ্ঘন করে এমন যে কোনো কিছুই শেষ সীমা। জোট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতস্তত করবে না। হামলার আগেই গত মঙ্গলবার সৌদি আরব সতর্কতা জানিয়েছিল যে, মক্কা নগরী ও দক্ষিণের বেশ কিছু অংশজুড়ে হামলা হতে পারে। 

ইয়েমেনের হুতিরা বুধবার সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে। তাদের দাবি, স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে তারা যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।

বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের পবিত্র মক্কা আল-মোকাররমা এবং দেশটির অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সর্বদা পূর্ণ সম্মান প্রদর্শন এবং তা নিশ্চিত করতে হবে।’

ওআইসির নিন্দা, সরব পাকিস্তান, নীরব তুরস্ক

৫৭টি মুসলিম দেশের জোট দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে চালানো এই ‘ঘৃণ্য হামলা’র নিন্দা জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার মক্কার ওপর চালানো ন্যক্কারজনক ও ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া হুতিদের হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ডনের বরাতে জানা গেছে এ খবর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানায়নি তুরস্ক।

আরও পড়ুন

×