নাজিব রাজাককে গৃহবন্দী রাখার অনুমতি মালয়েশিয়ার রাজার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৯
মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নাজিব রাজাককে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা দেওয়া হয়েছে। এর ফলে কারাগারে থাকা বাকি সাজা তিনি গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন। তবে এ সুবিধার জন্য তাকে ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি ধারাবাহিকভাবে কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।
প্রধানমন্ত্রীর আইন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ ক্ষমা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত তিনি গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন।