ওষুধ গবেষণায় জীববিজ্ঞান ল্যাব স্থাপন করেছে অ্যানথ্রোপিক
এআই গবেষণা ও উন্নয়নের কোম্পানি অ্যানথ্রোপিকের লোগো। ছবি: এএফপি
রয়টার্স
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৩
ওষুধবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে অ্যানথ্রোপিক। এর অংশ হিসেবে তারা একটি জীববিজ্ঞান গবেষণাগার স্থাপন করেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি এমন তথ্য জানিয়েছেন।
মানুষের মধ্যে যখন এআই নিয়ে উদ্বেগ বাড়ছে, তখনও স্টার্টআপটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় একটি ‘ওয়েট ল্যাব’ স্থাপন করেছে। এটি ল্যাবভিত্তিক বাস্তব পরীক্ষামূলক কাজের জন্য ব্যবহৃত গবেষণাগার।
অ্যানথ্রোপিক বলেছে, তারা বিরল রোগের চিকিৎসা উদ্ভাবনের পথ খুলে দিতে চায়। কোম্পানিটির জীববিজ্ঞান গবেষণা এখন আর শুধু ‘ইন সিলিকো’ বা কম্পিউটারভিত্তিক মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ নেই।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রোপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কডেরার আব্রামসও ওয়েট ল্যাবের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীববিজ্ঞানে শেষ পর্যন্ত বাস্তব গবেষণাগারেই পরীক্ষা করতে হয়। অ্যানথ্রোপিক এখন নিজেদের ল্যাবে কিছু কাজ করছে। বাইরের অংশীদারদের সহযোগিতায় নিয়েও কিছু গবেষণা চালাচ্ছে।
এদিকে অ্যানথ্রোপিকের এক মুখপাত্র বলেছেন, ‘তাদের ল্যাবটি শুধু ওষুধ আবিষ্কারের জন্য নয়।’ এর বাইরে তিনি বিস্তারিত জানাননি।
একজন সূত্রের ভাষ্য, অ্যানথ্রোপিকের উচ্চাকাঙক্ষার বিপরীতে উদ্যোগটি ছোট একটি পদক্ষেপ। ওষুধশিল্প যেসব রোগকে অবহেলা করছে, সেগুলোর চিকিৎসা নিয়ে কোম্পানিটি কাজ করতে চায়। এআইয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার আগেই তারা কাজটি করতে চায়।
অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের কাছে উদ্যোগটি ব্যক্তিগত। সম্প্রতি প্রকাশিত নিবন্ধে তিনি বলেন, একটি রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গেছেন। মৃত্যুর কয়েক বছর পর ওই রোগের ওষুধ আবিষ্কার হয়।
কডেরার আব্রামস বলেন, ‘বিশ্বের উপকার হয়- এমনভাবে শক্তিশালী এআই তৈরি করাই কোম্পানিটির লক্ষ্য। আমরা জীববিজ্ঞান খাতে সবচেয়ে বড় সুযোগ দেখছি। এটিই আমাদের কাজে অনুপ্রেরণা দিচ্ছে।’