গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে চুক্তি: ট্রাম্প
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৪
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে এমন একটি চুক্তি হয়েছে, যার আওতায় গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন বা সংবেদনশীল বিনিয়োগ থেকে বিরত রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এমন নিশ্চয়তা পাওয়া গেছে যে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ সক্ষমতা’ থাকবে। তার দাবি, চুক্তিটির কোনো মেয়াদ নেই।
এর আগে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ড একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে এর মাধ্যমে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে নেওয়ার ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।
চুক্তির বিস্তারিত অনেক কিছুই এখনো স্পষ্ট নয়। এর আওতায় নতুন কোনো মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে কিনা, তা-ও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, চুক্তিতে ন্যাটোর বাইরের দেশগুলোকে গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নির্দিষ্ট কিছু ‘সংবেদনশীল বিনিয়োগের’ সুযোগ রাখা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রবেশাধিকার, সামরিক ঘাঁটি স্থাপন ও আকাশসীমা ব্যবহারের অধিকার থাকবে। গ্রিনল্যান্ড ভবিষ্যতে স্বাধীন হয়ে গেলেও এসব ব্যবস্থা কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, চুক্তিটি গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ ‘স্থায়ীভাবে ও সম্পূর্ণভাবে’ সমাধান করেছে। তার ভাষ্য, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার কৌশলগত প্রতিরক্ষা এলাকার অংশ হিসেবেই থাকবে এবং সেখানে ও আশপাশের এলাকায় কোনো প্রতিপক্ষের উপস্থিতি ঠেকানো হবে।
বর্তমানে ১৯৫১ সালের একটি চুক্তির কারণে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণাঙ্গ উড়োজাহাজ চলাচল ও সামরিক ঘাঁটি ব্যবহারের অধিকার রয়েছে। দ্বীপটির উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি স্পেস ফোর্স ঘাঁটিও রয়েছে।
ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নতুন চুক্তি উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে।
সূত্র: রয়টার্স
- বিষয় :
- ট্রাম্প
- গ্রিনল্যান্ড
- ডেনমার্ক
- চুক্তি