এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি, মেয়াদ বাড়ালেন ট্রাম্প
ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০১
এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের নির্বাহী আদেশের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা নির্দিষ্ট ফি দিয়ে দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়োগ করতে পারেন। এর আওতায় প্রযুক্তি ও অন্যান্য পেশার বিদেশি কর্মীরা কয়েক বছর যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।
অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প দীর্ঘদিন ধরে এই কর্মসূচির সমালোচনা করে আসছেন। বর্তমানে এই ভিসার জন্য ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ফি দিতে হয়। ট্রাম্প প্রশাসন তা স্থায়ীভাবে অন্তত ১ লাখ ডলারে বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এ নিয়ে আইনি চ্যালেঞ্জ চলছে।
বোস্টনভিত্তিক একটি আপিল আদালত জুনে এক ফেডারেল বিচারকের দেওয়া রায় পর্যালোচনা করছে। ওই রায়ে ট্রাম্প প্রশাসনের বাড়ানো ফি বেআইনি ঘোষণা করে তা আদায় থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সের করা আপত্তি যথাযথভাবে খারিজ হয়েছিল কি না, তা আরেকটি আদালত বিবেচনা করছে।
ফি বাড়ানোর প্রাথমিক নির্বাহী আদেশটি ২০২৫ সালের সেপ্টেম্বরে জারি করেছিলেন ট্রাম্প। চলতি মাসেই এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে আদেশটি যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে স্টুডেন্ট ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। নতুন এইচ-১বি ভিসা পাওয়া ব্যক্তিদের বড় একটি অংশ এই শ্রেণির। একইভাবে বর্তমান ভিসার মেয়াদ নবায়নের ক্ষেত্রেও বর্ধিত ফি প্রযোজ্য ছিল না।
সমালোচকেরা বলছেন, কিছু কোম্পানি মার্কিন কর্মীদের পরিবর্তে কম বেতনের বিদেশি কর্মী নিয়োগে এইচ-১বি ভিসা ব্যবহার করছে। তবে ব্যবসায়ী সংগঠন ও কোম্পানিগুলোর দাবি, এই কর্মসূচি অত্যন্ত দক্ষ পেশাজীবী নিয়োগ এবং কিছু শিল্পে যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৯০ সালে কংগ্রেসের মাধ্যমে চালু হওয়া এই ভিসা কর্মসূচি বিশেষ করে ভারত ও চীন থেকে কর্মী নিয়োগ করতে চাওয়া প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে সম্ভাব্য ভিসাপ্রার্থীদের যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে কোম্পানিগুলোর নিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনাতেও প্রভাব পড়ছে। এইচ-১বি ভিসার বড় ব্যবহারকারী অ্যালফাবেটের মতো প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ট্রাম্প
- ভিসা
- হোয়াইট হাউস