শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরান কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
রয়টার্স
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৬
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত অবসানে ইরানের দেওয়া প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পরও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধের সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরাকচি বলেন, ইরানের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যেকোনো পদক্ষেপ এসব শর্ত পূরণের ওপর নির্ভরশীল। আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাবের কথা জানায়। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। শনিবার ট্রাম্প বলেন, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তবে রবিবার ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকরা ইরানের সঙ্গে আরও আলোচনায় বসতে পারেন।
আরাকচি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যস্থতাকারীরা এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের জানায়নি। তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত মতামতের অপেক্ষায় রয়েছেন এবং সেটির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানান, তেহরান পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি বলেন, কোনো ধরনের হুমকি বা জোর-জবরদস্তি মেনে নেবে না ইরান।
এর আগে ইরান জানিয়েছিল, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত সাময়িকভাবে বন্ধের জন্য সাত দিনের একটি সময়সীমা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের সম্মতি পাওয়া গেলে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আরও বিস্তৃত আলোচনা হতে পারে।