ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
আল–জাজিরা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দ করা অর্থ ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন দাবি করা হলেও সোমবার ট্রাম্প তা ‘ভুয়া’ ও ‘প্রতারণামূলক গল্প’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, অ্যাক্সিওস দাবি করেছে যে তিনি ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’ তিনি প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা অর্থ ব্যবহারের সুযোগ দিতে প্রস্তুত ছিলেন ট্রাম্প।
ট্রাম্পের এই অস্বীকারের মধ্যেই নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আরও আলোচনা হয়েছে এবং মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার আশা করছে তেহরান।
গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।
এর আগে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দিয়েছিল। এতে যুদ্ধ বন্ধ ও নির্দিষ্ট শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়। তবে শনিবার ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার আলোচনা শুরু হতে পারে ।