ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলগামী ফ্লাইটে মারামারিতে জড়ান ভারত-ওমানের পাইলট

সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্তের চেষ্টা করেছিলেন বলে দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর।

ইসরায়েলগামী ফ্লাইটে মারামারিতে জড়ান ভারত-ওমানের পাইলট
×

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। বুধবার তেল আবিবে। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৭

সৌদি আরবে অবতরণ করা ফ্লাইদুবাই এয়ারলাইনসের ফ্লাইটে ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয় নাগরিক। ইসরায়েল যাওয়ার পথে মাঝ আকাশে তিনি সহকারী পাইলটের সঙ্গে মারামারিতে জড়ান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফ্লাইটটি ইসরায়েলের তেল আবিব যাওয়ার কথা ছিল।

বুধবার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ইসরায়েলের কর্মকর্তারা ওয়াইনেটকে জানিয়েছেন, সহকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক। তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এতে বাধা দিতে গেলে পাইলট ও সহকারী পাইলটের মধ্যে মারামারি হয়।

এ ঘটনার পর ‘এফজেড ১০৭৩’ নম্বর ফ্লাইটটি দিক পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। পাইলটদের দুজনই আহত হয়েছেন।

পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদন। স্ক্রিনশট

মারামারির কারণ ও ফ্লাইট অবতরণ নিয়ে একাধিক বর্ণনা পাওয়া গেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইদুবাই এয়ারলাইনসের এক মুখপাত্র বলেছেন ঘটনার কারণ তারা জানেন না। অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন।

ইসরায়েল কাৎজ বলেন, ‘এটি একটি গুরুতর জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা ছিল। বেশ কয়েকজন ইসরায়েলি যাত্রীর বীরত্বের কারণে হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে।’ তিনি আরও জানান, ওই যাত্রীরা জোর করে ককপিটে ঢুকে ‘সন্ত্রাসীকে’ পরাস্ত করেন। এরপর সেখানে আগে থেকেই উপস্থিত থাকা অতিরিক্ত ফ্লাইট ক্রু উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন।

এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সহকারী পাইলটকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরেক পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগ আছে। সৌদির কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

নেতানিয়াহু পাইলটদের জাতীয়তা উল্লেখ করেননি। তিনি বলেন, সহকারী পাইলট উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম কান ও চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, পাইলটরা মারামারিতে জড়ানোর পর ‘ডিস্ট্রেস সিগন্যাল’ বা বিপদ সংকেত চালু হয়। এসব প্রতিবেদনে উড়োজাহাজটি ছিনতাইয়ের মুখে পড়ার আশঙ্কার কথাও বলা হয়েছিল।

এএফপি লিখেছে, মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। এছাড়া, অক্টোবরে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা। মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘নির্বাচনের আগে শত্রুরা হামলার চেষ্টা করতে পারে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে।’ এমন মন্তব্যের পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা।

আরও পড়ুন: ককপিটে উত্তেজনা: হঠাৎ সৌদি আরবে নামল ইসরায়েলগামী ফ্লাইট

আরও পড়ুন

×