আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত, আহত ১১
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। ফাইল ছবি: এএফপি
রয়টার্স
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:০১
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার পাকিস্তানের বিমান হামলায় নয়জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানায় চালানো ওই হামলায় ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তিনি বলেন, আমরা এই কর্মকাণ্ডকে আগ্রাসন এবং সমস্ত স্বীকৃত নীতির লঙ্ঘনকারী একটি অপরাধ হিসেবে নিন্দা জানাই।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে এবং দুটি স্থানে থাকা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা করা হয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিখুঁতভাবে লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে এবং প্রাথমিক তথ্যানুযায়ী ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
এতে আরও বলা হয়, ওই আস্তানাগুলোতে মজুদ রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় জঙ্গিদের হামলায় ২৪ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশ দুটির মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছিল।
একসময়ের মিত্র এবং বর্তমানে প্রতিপক্ষ হয়ে ওঠা দেশ দুটির মধ্যে উগ্রবাদ নিয়ে মতপার্থক্য ক্রমশ বাড়ছে। ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে এমন উগ্রবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়।
তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে, উগ্রবাদ পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা।
গত দুই সপ্তাহে ইসলামাবাদ আফগানিস্তানে একাধিক বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, এসব হামলায় উগ্রবাদীদের আস্তানা ধ্বংস এবং অনেক উগ্রবাদী নিহত হয়েছে। অন্যদিকে কাবুলের দাবি, এসব হামলায় সাধারণ নাগরিকরা প্রাণ হারিয়েছেন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পাকিস্তান থেকে আসা একটি দলের সঙ্গে সংঘর্ষে তাদের বাহিনী ২৮ জন যোদ্ধাকে হত্যা এবং ৩২ জনকে আহত করেছে। মন্ত্রণালয়ের দাবি, ওই দলের সদস্যদের মধ্যে ইসলামিক স্টেটের উগ্রবাদীরাও ছিল।
ইসলামাবাদ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
- বিষয় :
- বিমান হামলা
- আফগানিস্তান
- পাকিস্তান
- নিহত
- আহত