ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ককপিটে মারামারি

১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসায় নেতানিয়াহু-মোদি

১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসায় নেতানিয়াহু-মোদি
×
×

ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছারের (মাঝে) ভূমিকার প্রশংসা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি: এএফপি/কোলাজ

এএফপি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:৩১

ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্তের হাত থেকে রক্ষার জন্য ভারতীয় পাইলটকে কৃতিত্ব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্মিত মাচ্ছার নামের ওই পাইলটের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদিও।

বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে যাওয়ার পথে উড়োজাহাজটি হঠাৎ সৌদি আরবে অবতরণ করে। মাঝ আকাশে সহকারী এক পাইলট উড়োজাহাজটি বিধ্বস্তের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। এতে বাধা দেন পাইলট স্মিত মাচ্ছার।

ককপিটে পাইলটদের মারামারির সময় উড়োজাহাজটি এক মিনিটের ব্যবধানে ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এতে থাকা ১৭৪ জন যাত্রীর মধ্যে ১৬৬ জনই ইসরায়েলি নাগরিক। তাদের কয়েকজন ককপিটে গিয়ে পাইলটদের মারামারি থামান বলে জানিয়েছেন নেতানিয়াহু।

ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটদের মধ্যে কেন মারামারি হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে ইসরায়েলি কর্মকর্তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলার চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কারা জড়িত তা এখনো বলার সময় আসেনি। যারা বিমানটিকে বিধ্বস্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন তারা অসাধারণ বীরত্ব দেখিয়েছেন।

পৃথক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ফ্লাইট চলাকালে উড়োজাহাজটি যখন ইসরায়েলের কাছাকাছি আসছিল, তখন এক পাইলট অন্যজনকে ছুরিকাঘাত করেন। ধারণা করা হচ্ছে, তিনি ফ্লাইটে থাকা সবাইকে নিয়ে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন।

যাত্রীদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমি এই হিরোদের স্যালুট জানাই। তারা একটি বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছেন।’ পরে তিনি আহত ভারতীয় পাইলটের প্রশংসা করে বলেন, ‘তিনি কো-পাইলটের বিরুদ্ধে লড়ে মাঝ আকাশে একটি ভয়াবহ বিপর্যয় প্রতিহত করেছেন।’

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক ইসরায়েলি যাত্রীরও প্রশংসা করেন নেতানিয়াহু। ইয়ানিক নামের ওই যাত্রী হামলাকারীকে পরাস্ত করতে সাহায্য করেছিলেন। তিনি পেশায় প্লাম্বার (পানির লাইনের মিস্ত্রি)। নেতানিয়াহু বলেন, ‘ওই যাত্রী, ভারতীয় পাইলট এবং যারা তাদের সাহায্য করেছেন সবার কাজই অসাধারণ ছিল। তারা এমন এক বিপর্যয় ঠেকিয়েছেন, যা হয়তো পুরো বিশ্বকে নাড়া দিত।’

ভারতীয় দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের একটি হাসপাতালে স্মিত মাচ্ছারের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে মাচ্ছারকে ‘হিরো’ আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘তাঁর সাহসিকতা শত শত মানুষের জীবন বাঁচিয়েছে।’

আরও পড়ুন

×