হোটেলে মানুষ মারা যাবে- সেটা আমরা চাই না: পশ্চিমবঙ্গের মন্ত্রী কৌশিক
ছবি: ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ২০:৪৭
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউমার্কেট এলাকায় শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের পর পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় শত শত হোটেল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন কলকাতায় আসা হাজার হাজার বাংলাদেশি পর্যটক। এমন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে– সে প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী বলেছেন, ‘আমরা চাই না হোটেলে থেকে আগের মতো মানুষ মারা যাক। হোটেল বন্ধ করা আমাদের লক্ষ্য নয়।’
শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি প্রাণ হারান। সেই ঘটনার পর দেড় মাস পেরিয়ে গেছে। এখনও বন্ধ কলকাতার প্রায় ৭০ শতাংশ হোটেল। স্বাভাবিকভাবেই পর্যটকদের কলকাতায় পৌঁছেই হয়রানির শিকার হতে হচ্ছে। শুক্রবার কৌশিক চৌধুরীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা দেখছি, কত দ্রুত সমস্যার সমাধান করা যায়। যে হোটেলগুলো নিয়ম মানবে, তাদের জন্য আমরা হোটেল খুলে দেব।’
শুক্রবার রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে একটি অনুষ্ঠানের ফাঁকে ফায়ার মন্ত্রী বলেন, ‘হোটেলগুলোকে বলা হয়েছে, আমাদের যে নির্দেশ, সেগুলো মানতে হবে। কারণ, মানুষের সুরক্ষা আমাদের প্রাথমিক অগ্রাধিকার। ফলে সেই নির্দেশ যদি না মানে, আমরা সেই হোটেলগুলো খুলতে দিতে পারি না। আবার একটা এ রকম দুর্ঘটনা ঘটবে এবং মানুষের মৃত্যু হবে– সেটা আমরা চাই না।’
মন্ত্রী জানান, এই নিয়ম নির্দেশিকা না মানার কারণে একদিকে যেমন নতুন হোটেল বন্ধের নোটিশ দেওয়া হচ্ছে, তেমনি নির্দেশিকা মানার ফলে অনেক হোটেল খোলার ছাড়পত্রও দেওয়া হচ্ছে। ফলে নিয়ম মানলে অসুবিধা নেই। তিনি বলেন, ‘আমরা চাই সবাই ব্যবসা করুক। কারণ, এই ব্যবসার ওপর মানুষের রুটিরুজি নির্ভর করছে।’
- বিষয় :
- পশ্চিমবঙ্গ
- মন্ত্রী
- হোটেল