ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা
×
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৮:৪৪

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)। শনিবার দুই সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এদিন শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল বের করেন দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় কলকাতা পুলিশ। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ সময় বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে দেয়নি পুলিশ। বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা আরও কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে তারা বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকা ছেড়ে চলে যান।

আরও পড়ুন

×