ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ড্রোন চুক্তি চূড়ান্ত ও সহায়তা ছাড়ের বিষয়ে কিয়েভে পৌঁছেছেন জার্মানির মেরৎস

ড্রোন চুক্তি চূড়ান্ত ও সহায়তা ছাড়ের বিষয়ে কিয়েভে পৌঁছেছেন জার্মানির মেরৎস
×
×

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে স্বাগত জানাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। ছবি: রয়টার্স

রয়টার্স

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৩৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৪৭

ইউক্রেনের সঙ্গে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি উৎপাদনের চুক্তি চূড়ান্ত এবং নতুন সামরিক ও জ্বালানি সহায়তা ঘোষণা করতে কিয়েভে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস। রোববার জার্মান প্রতিরক্ষা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে ইউক্রেনে পৌঁছান তিনি।

জার্মান সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মেরৎসের সফরে ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা এবং দেশটির জ্বালানি খাত মেরামতে ৩৫০ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা আসতে পারে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরেরও আশা করা হচ্ছে।

কিয়েভে পৌঁছে মেরৎস বলেন, আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনের জার্মানির পূর্ণ সমর্থন প্রয়োজন। রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর, আবাসিক ভবন ও তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়াকে থামানো না গেলে তাদের যুদ্ধযন্ত্র একসময় ইউরোপের বিরুদ্ধেও দাঁড়াতে পারে।

মেরৎসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ক্যাথারিনা রাইখে এবং একটি অর্থনৈতিক প্রতিনিধিদল। এতে সিমেন্স এনার্জি, হেনসোল্ডট, ডিল ডিফেন্স ও কোয়ান্টাম সিস্টেমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। ইউক্রেনে দুর্নীতি দমনসহ ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের প্রস্তাবিত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন মেরৎস।

বুধবার মেরৎসের সঙ্গে ফোনে কথা বলার পর জেলেনস্কি জানিয়েছিলেন, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সফটওয়্যার উৎপাদনের বিষয়ে জার্মানির সঙ্গে শিগগিরই চুক্তি চূড়ান্ত করবে ইউক্রেন। এর মধ্যে দ্রুতগতির ‘অ্যান্টি-জেট’ ড্রোন উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জার্মান প্রতিরক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টাম সিস্টেমস এসব ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে।

গত এপ্রিলে কোয়ান্টাম সিস্টেমস ও ইউক্রেনীয় প্রতিষ্ঠান ডব্লিউআইওয়াই ড্রোনস যৌথ উদ্যোগে ‘কোয়ান্টাম ডব্লিউআইওয়াই ইন্ডাস্ট্রিজ’ গঠনের ঘোষণা দেয়। এই উদ্যোগের আওতায় ‘স্ট্রিলা’ ইন্টারসেপ্টর ড্রোনসহ আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চুক্তির আওতায় ১ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অস্ত্রও যৌথভাবে উন্নয়ন ও উৎপাদন করা হবে। এসব অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার আরও গভীরে আঘাত হানতে সক্ষম হবে।

জার্মান কর্মকর্তারা বলেছেন, এই সহযোগিতা বাড়লে অর্থ ও প্রযুক্তির একটি অংশ জার্মানিতে ফিরে আসবে। এর মাধ্যমে অস্ত্র উৎপাদন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আসা ড্রোন মোকাবিলার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে।

এদিকে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে পরিকল্পিত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে মস্কো। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ওপর ইউক্রেনের হামলার জবাবেই এসব পাল্টা হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের ইউক্রেনে অবস্থান বা ভ্রমণ না করার সতর্কতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×