জায়নবাদকে ‘বর্ণবাদ’ ঘোষণা, ইসরায়েলের বদলে ফিলিস্তিন রাষ্ট্রে সমর্থন গ্রিন পার্টির
সমর্থকদের সঙ্গে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি (মাঝে)। ফাইল ছবি: এএফপি
এএফপি ও টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৪৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৫৬
ইসরায়েলের অনেক ইহুদির জাতীয়তাবাদী আদর্শ ‘জায়নবাদ’ ধারণাকে বর্ণবাদ হিসেবে বিবেচনা করবে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। দলটির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্তের পক্ষে ভোট হয়েছে। প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটিশ ইহুদি গোষ্ঠী, ক্ষমতাসীন দল লেবার পার্টি ও ইসরায়েলের সরকার।
রোববার বার্ষিক সম্মেলনে জায়নবাদবিরোধী প্রস্তাব তোলার পর পক্ষে ১ হাজার ২২ ও বিপক্ষে ৮১৩টি ভোট পড়ে। গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, জায়নবাদকে অন্যান্য যেকোনো বর্ণবাদের মতো বিবেচনা করা হবে। পুরো ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে একক গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিও গ্রিন পার্টি সমর্থন জানিয়েছে।
জায়নবাদী আদর্শের লক্ষ্য, ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গ্রিন পার্টি একক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন দেওয়ায়, ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল সোমবার লিখেছে, এর মধ্য দিয়ে ইসরায়েলের বদলে ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ৬৫০ আসনের পার্লামেন্টে গ্রিন পার্টির অন্তত পাঁচজন আইনপ্রণেতা (এমপি) আছেন। সবশেষ স্থানীয় নির্বাচনেও দলটির প্রতি উল্লেখযোগ্য পরিমাণ সমর্থন দেখা গেছে। ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে লেবার সরকারের ওপর যেসব ভোটার অসন্তুষ্ট ছিলেন, গ্রিন পার্টি তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে।
গ্রিন পার্টির এক মুখপাত্র বলেন, ‘আমাদের দলের সদস্যদের মধ্যে এটি (প্রস্তাব) নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিতর্ক হয়েছে।’ ভোটের আগে গ্রিন পার্টিকে একটি চিঠি দিয়েছিল তিনটি ইহুদি গোষ্ঠী। সেখানে তারা বলে, প্রস্তাবটি পাস হলে গ্রিন পার্টি যুক্তরাজ্যের প্রথম রাজনৈতিক দল হিসেবে ইহুদিবিদ্বেষ নীতি গ্রহণ করবে।
রোববারের ভোটের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটিকে ‘স্পষ্টতই ইহুদিবিদ্বেষ’ বলে আখ্যা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কির ইসরায়েলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
অপরদিকে গ্রিন পার্টির এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জায়নবাদ হলো ইহুদিদের জাতীয় মুক্তির আন্দোলন। ইসরায়েল ভূখণ্ডে ইহুদি জনগণের একটি নিজস্ব রাষ্ট্র এবং জাতীয় আবাসভূমির অধিকারের ভিত্তিই হলো এই জায়নবাদ।
যুক্তরাজ্যের নারী ও সমতা বিষয়ক মন্ত্রী এবং লেবার পার্টির চেয়ারপারসন ব্রিজেট ফিলিপসনও গ্রিন পার্টির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। দলীয় এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বিরুদ্ধে ভোট দেওয়াটা লজ্জাজনক।
- বিষয় :
- রাজনৈতিক দল
- যুক্তরাজ্য
- ইসরায়েল
- ফিলিস্তিন