নিজের প্রশংসার টিভি বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যবহার বন্ধের ঘোষণা ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আল–জাজিরা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:৫৮
নির্বাচনী প্রচারণার ধাঁচে তৈরি টেলিভিশন বিজ্ঞাপনে নিজের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞাপনে আর সরকারি অর্থ ব্যবহার করা হবে না।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি এগুলোর বিষয়বস্তু তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে প্রচারিত তিনটি বিজ্ঞাপনের পেছনে ফেডারেল তহবিল থেকে অন্তত ১৫ লাখ ডলার ব্যয় করা হয়েছিল।
ট্রাম্প বলেন, তিনি বিজ্ঞাপনগুলোকে ‘আমাদের মহান যুক্তরাষ্ট্রের জন্য একটি ইতিবাচক প্রচার’ হিসেবে বিবেচনা করেন। তবে এখন থেকে এসব বিজ্ঞাপনের খরচ আর সরকারি অর্থে মেটানো হবে না। তিনি নিজে অথবা তাঁর ‘মাগা প্যাক’ এসব বিজ্ঞাপনের অর্থায়ন করবে।
‘মাগা ইনকরপোরেটেড হলো ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার তহবিল বা ‘ওয়ার চেস্ট’, যা জুলাইয়ের শেষ নাগাদ ৪০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছিল।
নৈতিকতা বিষয়ক বিশেষজ্ঞ এবং উভয় দলের আইনপ্রণেতারা জাতীয়ভাবে প্রচারিত তিনটি বিজ্ঞাপনের সমালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পরপরই ট্রাম্প এ ঘোষণা দিলেন। গত রোববার ফুটবল খেলা ও অন্যান্য অনুষ্ঠানের সময়ও বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়।
একটি বিজ্ঞাপনে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনোই একটি কমিউনিস্ট দেশ হবে না।’ এ সময় সমবেত কণ্ঠে বারবার ‘লাভ মি’ (আমাকে ভালোবাসো) কথাটি বলা হয়। আরেকটি বিজ্ঞাপনে মাউন্ট রাশমোরের দৃশ্যের সঙ্গে ট্রাম্পের এমন ফুটেজ যুক্ত করা হয়েছে, যেখানে তিনি ‘আমেরিকার স্বর্ণযুগ’-এর প্রশংসা করছেন।
বিজ্ঞাপনগুলোর শেষে দেওয়া দাবিত্যাগে বলা হয়েছে, এগুলোর খরচ মার্কিন সরকার বহন করেছে।
গত মাসে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা অভিযোগ করেন, বিজ্ঞাপনগুলো প্রচারের জন্য হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তহবিল থেকে ২ কোটি ডলার স্থানান্তর করেছিল। তাঁদের দাবি, এর মধ্যে একটি বিজ্ঞাপন ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি বিজ্ঞাপনের সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। এ বিষয়ে তাঁরা নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা সোমবার বিষয়টিকে ‘সরকারি অর্থের ব্যাপক অপব্যবহার এবং জনগণের আস্থার লঙ্ঘন’ বলে মন্তব্য করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
তবে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার—ট্রাম্পের মনোনীত রিপাবলিকান—গত সপ্তাহে বলেছেন, বিজ্ঞাপনগুলো যথাযথ ছিল। তিনি এ বিষয়ে তদন্তের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- যুক্তরাষ্ট্র
- বিজ্ঞাপন