ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাশিয়ান প্লেগ আতঙ্ক, পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ান প্লেগ আতঙ্ক, পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
×

রাশিয়ান প্লেগ পরিস্থিতি নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি/কোলাজ

এএফপি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫৮

রাশিয়ার একটি গবেষণা কেন্দ্রে সংক্রামক প্লেগ রোগে কর্মীর মৃত্যুর খবরে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে রাশিয়ার কাছে আনুষ্ঠানিক তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ঘটনাটির বিষয়ে মস্কোর দিক থেকে স্বচ্ছতার দাবিও জোরালো হচ্ছে।

তবে প্লেগ প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। গত সপ্তাহে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে একটি প্লেগ গবেষণা ইনস্টিটিউটে টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনার খবরকেও তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও পরিস্থিতির বিষয়ে মস্কোকে খোলামেলা কথা বলার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে মস্কোর কাছে আরও তথ্য চেয়েছি। তথ্য বিনিময়ের জন্য বিশ্বের অন্য দেশের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখছি।’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘ডিমার্শে’ নামে পরিচিত এক গোপন কূটনৈতিক বার্তার মাধ্যমে তথ্যের অনুরোধ পাঠানো হয়েছে।

আইসল্যান্ড সফরের সময় মার্কো রুবিও বলেন, ‘আমরা রাশিয়াকে স্বচ্ছ থাকতে এবং বিশ্বের সঙ্গে আরও বেশি তথ্য বিনিময় করার আহ্বান জানাই। এতে আমরা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারব।’

পরে মার্কিন প্রেসিডেন্ট জানান, সেখানে (রাশিয়া) আসলে কী ঘটেছে তা নিয়ে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাঁর (পুতিন) সঙ্গে আমার ফোনালাপের সূচি নির্ধারণ করা আছে। খুব শিগগিরই ফোনালাপ হবে।’

বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী বলছে- সেটিও জানতে চাওয়া হয়েছিল ট্রাম্পের কাছে। তিনি বলেন, ‘আমরা খুব গভীর আলোচনার মধ্যে আছি। সম্ভবত আগামীকাল (বুধবার) এ বিষয়ে তথ্য জানাতে পারব।’

মৃত্যুর কারণ এখনো ‘অজানা’
গত শুক্রবার রাশিয়ার গণমাধ্যম পিপল অব বৈকাল জানায়, মারা যাওয়া ওই নারীর নাম দারিয়া শিপিলোভা (২৮)। ভেঙে যাওয়া একটি টেস্ট টিউব থেকে তিনি নিউমোনিক প্লেগে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্য গণমাধ্যমেও ল্যাবরেটরিতে ঘটা এক দুর্ঘটনার সঙ্গে দারিয়ার মৃত্যুর সম্ভাব্য সম্পর্কের কথা বলা হয়েছে।

পিপল অব বৈকাল-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দারিয়ার সংস্পর্শে যাওয়া প্রায় ২০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি নথিতে দাবি করা হয়, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দেশটির স্বাস্থ্য নজরদারি সংস্থা ‘রোসপোট্রেবনাদজোর’ এই দাবি অস্বীকার করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার কাছে থেকে হালনাগাদকৃত তথ্য পাওয়া গেছে। সেখানে জোর দিয়ে বলা হয়েছে, ইরকুতস্ক শহরে বিপজ্জনক রোগের কোনো সংক্রমণ রেকর্ড করা হয়নি।

তবে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস মস্কোকে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ডব্লিউএইচও।

ব্যাকটেরিয়াজনিত রোগ
প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা নানা ধরনের হতে পারে। এর মধ্যে সবচেয়ে সংক্রামক ধরনটি হলো নিউমোনিক প্লেগ। এটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে। অন্যদিকে, বিউবনিক প্লেগ ছড়ায় সংক্রমিত পরজীবী পোকার মাধ্যমে।

ডব্লিউএইচওর মতে, নিউমোনিক প্লেগ মানুষের ফুসফুস বিকল করে দেয়। তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করালে এটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রয়োজন হলে তিনি রাশিয়াকে সাহায্য করতে প্রস্তুত আছেন। তবে ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে মঙ্গলবার রাশিয়ার নজরদারি সংস্থা রোসপোট্রেবনাদজোর পাল্টা বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ওয়াশিংটনকে সাহায্য করতে প্রস্তুত আছে মস্কো।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে হাম পরিস্থিতির ব্যাপক অবনতির বিষয় তুলে ধরে সংস্থাটি। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ বেড়েছে।

এদিকে আগামী ২১ ও ২২ অক্টোবর রাশিয়ার ইরকুতস্কে প্লেগ ও অন্যান্য সংক্রামক রোগ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা। আয়োজকরা জানিয়েছেন, অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের কর্মীর মৃত্যুর সঙ্গে এই সম্মেলনের সম্পর্ক নেই।

আরও পড়ুন

×