ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর
×
×

বুধবার নয়াদিল্লির যন্তর মন্তরের কাছে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের বিক্ষোভ চলাকালে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যদের আটক করা থেকে দিল্লি পুলিশকে নিবৃত্ত করেন রাহুল গান্ধী। ছবি: এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৬:১৭

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নতুন একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার দিল্লিতে তাদের বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের ওপর কথিত হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআরটি দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার একাধিক পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে বুধবার তাদের বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করেছিল পুলিশ। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ চলাকালে অনুমতি ছাড়া আকাশবাণী ভবনে প্রবেশ করার অভিযোগ তাদের এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে ওই এফআইআর দায়ের করে পুলিশ। 

বেশ কয়েকজন কংগ্রেস নেতা ছাড়াও, বিক্ষোভে অংশ নেওয়া দলীয় কর্মীদের নাম এফআইআরে যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে একাধিক সাংসদ ও  রাজনৈতিক দলের নেতাসহ মোট ৯১ জনকে আটক করা হয়েছে।

রাহুল গান্ধী গতকাল বুধবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের রাজপথের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, যার পর পুলিশ তাকে বেশ কয়েকজন সাংসদসহ আবার আটক করে।

জনপথের একটি দক্ষিণ ভারতীয় নিরামিষ রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিক্ষোভকারীরা বাসে করে যন্তর মন্তরে হঠাৎ একটি অবস্থান ধর্মঘটের জন্য যাওয়ার পথে পুলিশ তাদের মাঝপথেই থামিয়ে দিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় মঙ্গলবারের বিক্ষোভকে কেন্দ্র করে তার বিরুদ্ধে হওয়া এফআইআর নিয়ে ঠাট্টা করে রাহুল গান্ধী বলেন, তিনি চান তার বিরুদ্ধে ১০০টি এফআইআর দায়ের করা হোক। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ৪৫টি এফআইআর আছে। আমার টার্গেট ১০০।’ 

কংগ্রেস, টিএমসি, সিপিআই-এম, সিপিআই, আরজেডি, আইইউএমএল এবং অন্যান্য কয়েকটি দলের সাংসদেরাও বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

আরও পড়ুন

×