মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৪:৩৯
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা যুদ্ধ বন্ধের বিষয়ে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনো সময়েই ইরানে হামলা চালাব না।’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়। এ সংঘাত ট্রাম্পের অভ্যন্তরীণ জনপ্রিয়তায় চাপ তৈরি করেছে। নভেম্বরে কংগ্রেসের নির্বাচনে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টায় থাকা রিপাবলিকানদের জন্যও যুদ্ধটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে প্রতি চারজন রিপাবলিকানের একজনও রয়েছেন। সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। এদিকে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় জীবনযাত্রার ব্যয়।
ট্রাম্প বারবার বলেছেন, নির্বাচনের পর তেলের দাম কমবে। তবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা দেননি তিনি।
যুদ্ধ বন্ধ এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাতে জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা নিজেদের ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করার বিষয়ে রাজি নয় তেহরান। এর কয়েক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তেহরান। সূত্র: রয়টার্স
- বিষয় :
- ট্রাম্প
- যুক্তরাষ্ট্র
- ইরান
- নির্বাচন
- হামলা