ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এবার বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

এবার বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭
×
×

বেলজিয়ামে প্ল্যাকার্ড হাতে সড়কে বিক্ষোভ করছে কয়েকজন শিক্ষার্থী। ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৭:৪৯

প্রতিবেশী ফ্রান্সের রেশ ধরে বিক্ষোভে নেমেছেন বেলজিয়ামের শিক্ষার্থীরাও। দেশটির লিয়েজ শহরে কয়েক দিন ধরে চলা বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ১০৭ জনকে আটক করা হয়েছে।

শিক্ষার ব্যয় বেড়ে যাওয়া, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষা উপকরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার প্রতিবাদে বেলজিয়ামের শহরটিতে শিক্ষার্থীদের টানা এ বিক্ষোভ চলছে। প্রতিবেশী ফ্রান্সে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন বেলজিয়ামের এ বিক্ষোভে প্রভাব ফেলেছে। বেলজিয়ামের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ফ্রান্সের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে এখানেও বিক্ষোভ করা হচ্ছে। স্থানীয় বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, গত কয়েক দিনে লিয়েজে ১০৭ জনকে আটক করা হয়েছে। সম্পদের ক্ষতি, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আটকের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। শিক্ষার্থীরা মূলত বেলজিয়ামের ফরাসিভাষী অঞ্চলের শিক্ষাব্যবস্থা নিয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার ব্যয় অনেক বেড়ে যাওয়া ছাড়াও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা বলছেন বিক্ষোভকারীরা। 

ফ্রান্সজুড়ে বিক্ষোভের নেপথ্যে

সেপ্টেম্বরের শেষ থেকে অর্থায়নের ঘাটতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা দেশটির বহু হাইস্কুলের প্রবেশপথ অবরোধ করে রেখেছেন। কিছু জায়গায় আন্দোলন সহিংস রূপ নিয়েছে। শত শত শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। বহিরাগত অজ্ঞাত সংখ্যকসহ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা ১৫ থেকে ১৮ বছর বয়সীদের স্কুল ‘লিসে’তে শিক্ষকস্বল্পতা ও জরাজীর্ণ অবকাঠামো নিয়ে অভিযোগ করছেন। গত মঙ্গলবার ফ্রান্সে কয়েক লাখ মানুষ বিক্ষোভে নামেন। উচ্চশিক্ষায় আসন বণ্টনের অনলাইন প্ল্যাটফর্ম পার্কুরসাপ নিয়েও ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের শিকড় গভীর।  উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফরাসি সরকার প্রতি লিসে শিক্ষার্থীর পেছনে ইউরোপীয় ইউনিয়নের গড়ের চেয়ে বেশি ব্যয় করে। বিকেলের শেষ পর্যন্ত গড়ানো স্কুলদিবস ফরাসি শিক্ষার্থীদের জন্য সত্যিই সমস্যা। এর কারণ মূলত দীর্ঘ মধ্যাহ্নবিরতি ও জটিল সময়সূচি, ছুটির ঘাটতি পূরণ নয়; অন্য ইইউ দেশের তুলনায় সেখানে ছুটি বিশেষ দীর্ঘও নয়। খবর বিবিসির।

আরও পড়ুন

×