ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পশ্চিমবঙ্গে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
×
×

দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান। ছবি-ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:৫৬

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে রায়গঞ্জ থানার মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের বাঙ্কা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক ও চার শ্রমিক রয়েছেন।

নিহতরা হলেন- মালদা জেলার কালিয়াচক থানার ভাগলপুর এলাকার হাসনাত আলি (১৫), মোহাম্মদ রমজান মমিন (২৮), মোহাম্মদ মোস্তফা আনসারী (১৮) ও সাহেল আনসারী (১৭)। পিকআপ ভ্যানের চালক সোহেল আক্তার (৩১)। তাঁর বাড়ি একই থানার কাশিমনগর এলাকায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানে করে মালদার কালিয়াচক থেকে মুরগি নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলেন তারা। সেখানে পণ্য খালাস করে চার শ্রমিককে নিয়ে বাড়ি ফিরছিলেন চালক। শুক্রবার ভোরে বাঙ্কা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ট্রাফিক পুলিশ দূরপাল্লার যানবাহনগুলোকে রায়গঞ্জ শহরসংলগ্ন পুরোনো জাতীয় সড়ক দিয়ে চলাচলের ব্যবস্থা করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় রায়গঞ্জ থানায় পাঁচটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন

×