ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভ

দেশে কী ঘটছে সবাই জানে, লড়াই চলবে: আটকের পর মমতা 

দেশে কী ঘটছে সবাই জানে, লড়াই চলবে: আটকের পর মমতা 
×
×

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ইন্ডিয়া টুডে

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৫:৪২

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার পরও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, কিন্তু তাদের বসতেও দেওয়া হয়নি।

আটক হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা পরোয়া করি না, আমরা ভয় পাই না। দেশে কী ঘটছে, তা সবাই জানে। লড়াই চলবে।’

তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটির পাঁচ সংসদ সদস্যকে পুলিশের একটি প্রিজনার ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই পাঁচ সংসদ সদস্য হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।

দলটির অভিযোগ, প্রায় ৩০ মিনিট ধরে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্যে না নিয়ে পুলিশের গাড়িতে ঘোরানো হচ্ছিল। এ ঘটনাকে ‘গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত’ বলে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস।

এর আগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে ধর্নায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির পরিস্থিতিকে জরুরি অবস্থার সময়ের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন। আটক তরুণদের প্রতি সংহতি জানাতে এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে প্রতিবাদ জানাতে তিনি ওই কর্মসূচিতে অংশ নেন।

মমতা বলেছিলেন, অনেক নেতাকে আটক করা হয়েছে। কাউকে যন্তর মন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করাই তার কাছে গুরুত্বপূর্ণ।

দিল্লিতে বিক্ষোভকারীদের আটক ও পুলিশের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব মন্তব্য সামনে এল।

আরও পড়ুন

×