ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নেহা বোরাকে মুক্তি দিল দিল্লি পুলিশ

নেহা বোরাকে মুক্তি দিল দিল্লি পুলিশ
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ২১:২৪

অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

মুক্তি পাওয়ার পর এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে তিনি সেটি ফেরত পেয়েছেন। থানা থেকে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।

নেহা বোরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন চলছে।

দিল্লিতে চলমান এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরেও। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নজরদারি ও আটকের ঘটনা ঘটে। চেন্নাইয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। চণ্ডীগড়ে আম আদমি পার্টি (আপ) ও অন্যান্য দলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি মিছিলের ডাক দিয়েছেন। এ ছাড়া পাটনা ও হায়দরাবাদেও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির খবর পাওয়া গেছে।

এদিন বিক্ষোভে যোগ দিতে আসার পর থেকে একে একে চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকরা হলেন- অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকার।

এর আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের মাত্র কয়েক মিনিট পরেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তার সহ-আহবায়কদের বিমান থেকেই আটক করা হয়। আটক থাকা অবস্থায় থানায় অবস্থান ধর্মঘট শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন করবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক আজ এক এক্স বার্তায় বলেছেন, গতকাল যখন আমি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তির জন্য আবেদন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’

রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তিনি বলেন, ‘আমরা তাদের ঘিরে ধরছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’ সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×