পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী সন্দেহে আটক
দিল্লিতে আটক বিজেপি নেতার মেয়ে যশস্বিনী রাজে সিং। ছবি: এক্স
এনডিটিভি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১০:৪৫
ভারতের রাজধানী দিল্লিতে পার্কে বসে থাকা অবস্থায় আটক হয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। গতকাল শনিবার তাকে আটক করে দিল্লি পুলিশ। যশস্বিনীর অভিযোগ, পার্কে চুপচাপ বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের মধ্যে এ ঘটনা ঘটেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
যশস্বিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, দিল্লির বাংলা সাহিব গুরুদুয়ারার কাছে একটি পার্কে বসে থাকার সময় তাকে আটক করা হয়। পরে তাকে কেশবপুরম থানায় নেওয়া হয়।
যশস্বিনী রাজে সিং উত্তর প্রদেশের বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে। তার বাবা রাজ্যটির ফতেহপুর সদর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
এর আগে গত জুন ও জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েছিলেন যশস্বিনী। সে সময় আন্দোলনকারীরা ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন।
ওই আন্দোলনেও তিনি সিজেপির কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিলেন।