জ্ঞানেশ কুমারের ঘুম হচ্ছে না, পুলিশও অসন্তুষ্ট: রাহুল গান্ধী
রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
এনডিটিভি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৩:৫৯
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমার ভীত, তার ঘুম হচ্ছে না। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে সোমবার সন্ধ্যায় কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করবেন বলেও জানিয়েছেন তিনি।
বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যে সোমবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের ‘ভীরুতা’ নিয়ে কটাক্ষ করেন তিনি। সুপ্রিম কোর্টের উদ্দেশে পদযাত্রায় সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সঙ্গে জাতীয় পতাকা রাখবেন।’
রাহুল গান্ধীর অভিযোগ, পুলিশ বাহিনীর অন্তত ৫০ শতাংশ সদস্য বিক্ষোভকারীদের জানিয়েছেন, তারা সঠিক কাজ করছেন। তিনি বলেন, আপনারা হয়তো ভাবছেন আমাদের জন্য বিষয়টি কঠিন, কারণ পুলিশ আমাদের মারধর করছে। আপনারা যেমন ক্লান্ত, আমরাও তেমনই ক্লান্ত। পুলিশও প্রশ্ন তুলছে— জ্ঞানেশ কুমারের মতো একজন চোরকে আমরা কেন রক্ষা করছি? তাই এখন আসল বিষয় হলো অটল থাকা। আমরা থামব না। এতে কত সময় লাগবে—দিন, সপ্তাহ, মাস নাকি বছর—তা কোনো বিষয় নয়।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর পরিচালনায় অনিয়মের অভিযোগ ঘিরে এই বিক্ষোভ চলছে। বিরোধী দলগুলোর দাবি, এ প্রক্রিয়ায় বিপুলসংখ্যক যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রাহুল গান্ধী আরও বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে বলতে চাই, তার সরকারের ২০০ জন কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমাদের তথ্য দিচ্ছেন।
- বিষয় :
- রাহুল গান্ধী
- নির্বাচন কমিশনার
- ভারত
- বিক্ষোভ