বেলুচিস্তানে বিমান বিধ্বস্ত ২ পাইলট নিহত
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৭:১২
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পাকিস্তানি বিমানবাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর)।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় দুপুরে কোয়েটার নাওয়ান কিলির কাছে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান আর্মি অ্যাভিয়েশনের একটি মুশশাক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। নিহত পাইলটদের পরিচয়ও জানানো হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। তারা হলেন প্রশিক্ষক পাইলট মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণরত পাইলট ক্যাপ্টেন আবদুল সামাদ। মুশশাক হলো পাকিস্তানের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি কোম্পানি (পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স) এ বিমান তৈরি করে।
দুর্ঘটনায় নিহত পাইলটদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর ডন ও জিও টিভির।
- বিষয় :
- পাকিস্তান
- বিমান দুর্ঘটনা
- নিহত
- পাইলট