ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উপসাগরে নৌ চলাচল ও জ্বালানি স্থাপনার নিরাপত্তায় জোর কাতারের আমিরের

উপসাগরে নৌ চলাচল ও জ্বালানি স্থাপনার নিরাপত্তায় জোর কাতারের আমিরের
×
×

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৭:২০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১৮:০১

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো সুরক্ষায় প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি। 

শুরা কাউন্সিলে দেওয়া বক্তব্যে কাতারের আমির গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গাজায় ইসরায়েল এমন অপরাধ করছে, যা ‘গণহত্যা’র শামিল। তবে ইসরায়েল এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে।

ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান শেখ তামিম।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় কয়েক মাস ধরে অঞ্চলজুড়ে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে হুতি ও সৌদি আরবের মধ্যে সংঘাতও তীব্র হয়েছে।

কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। 

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুতিদের আচরণকে ‘খুবই খারাপ’ বলে মন্তব্য করেছেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

হুতিদের বারবার হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ শনিবার পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের মধ্য রামাল্লায় ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নথিপত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে এক শিশু ও এক সাংবাদিক আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েল 

আরও পড়ুন

×