ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পেরুতে মেয়র নির্বাচিত হলেন হিটলার মুসোলিনি

পেরুতে মেয়র নির্বাচিত হলেন হিটলার মুসোলিনি
×
×

হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস। ছবি: পেরুর ন্যাশনাল জুরি অব ইলেকশনসের ওয়েবসাইট থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৯:৪০

পেরুর কোয়েরোপালকা পৌরসভার ভোটাররা তাদের মেয়র হিসেবে হিটলার মুসোলিনিকে (৪৫) বেছে নিয়েছেন। বামপন্থি এই নেতা পেশায় পণ্য পরিবহন খাতের ব্যবসায়ী। ইউরোপের কুখ্যাত দুই স্বৈরশাসকের নামের সঙ্গে মিল থাকায় তিনি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন।

পৌরসভাটি আন্দিজ পর্বতমালার পাদদেশের দুর্গম হুয়ানুকো অঞ্চলে। স্থানীয় নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচিত মেয়রের পুরো নাম ‘হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস’। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কোয়েরোপালকায় নির্বাচন হয় ৪ অক্টোবর। হিটলার মুসোলিনি বামপন্থি দল ‘আহোরা ন্যাসিওনের’ প্রার্থী ছিলেন। মোট ৬৬৩ ভোটের মধ্যে তিনি পান ২২৯টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি ও কট্টর ডানপন্থি প্রার্থী গ্যাসপার ওসোরিও পেয়েছেন ২০৪ ভোট।

হিটলার মুসোলিনি এর আগে ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির দল পপুলার ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর দলবদল করেন।

ইতিহাসে ‘কুখ্যাত’ হিসেবে চিহ্নিত যে দুই নেতার সঙ্গে সিমিওনের নামের মিল আছে, তাদের মধ্যে অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির স্বৈরশাসক। ১৯৩৩ সালে ক্ষমতায় আসার পর থেকে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ওই দিন বার্লিনে নিজের বাঙ্কারে তিনি আত্মহত্যা করেন।

অপরদিকে বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির জাতীয়তা ও ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা। তিনি ১৯২২ থেকে ১৯২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং ১৯২৫ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ‘ইল দুচে’ উপাধিতে দেশ শাসন করেন। ইল দুচে অর্থ নেতা বা দ্য লিডার।

হলোকাস্ট এনসাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী, মুসোলিনির ফ্যাসিবাদী উপায়ে ক্ষমতা দখলের ঘটনা জার্মানিতে হিটলার ও নাৎসি পার্টির জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল।

পেরুর নির্বাচনগুলোতে এর আগেও হিটলার নামের কয়েকজন প্রার্থী জয়ী হয়েছেন। ২০২১ সালে মধ্যপন্থি দল ‘সোমোস পেরু’র হিটলার সাভেন্দ্রা কাস্টারনোককে পার্লামেন্টের সদস্য হিসেবে বেছে নেন ভোটাররা। তিনি পেশায় চিকিৎসক ছিলেন।

২০১৮ সালে আন্দিজ পর্বতমালা পাদদেশের আরেক জেলা ইয়ুঙ্গাতে মেয়র নির্বাচিত হন হিটলার আলবা সানচেজ। নির্বাচনী প্রচারের সময় তিনি নিজেকে ‘ভালো হিটলার’ হিসেবে দাবি করেছিলেন।

আরও পড়ুন

×