ইসরায়েলের গণহত্যা
যুদ্ধবিরতি গাজায় শান্তির পথ প্রশস্ত করতে পারেনি
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৬:৫৮
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক বছর পরও গাজা উপত্যকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনির জীবনযাত্রা এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। অবকাঠামো পুনরুদ্ধার করা হয়নি, লাখ লাখ মানুষের স্থায়ী বাসস্থান নেই এবং নিরাপত্তা-সংক্রান্ত অস্থিতিশীলতা ও রাজনৈতিক অচলাবস্থা পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টি করে চলেছে। ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলের মতে, গাজার জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ, অর্থাৎ ১৩.৭ লাখ মানুষ এখনও তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করে। বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতের কারণে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় থেকে ২০২৬ সালের ১১ অক্টোবর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলিতে এক হাজার ৪৮৮ জন নিহত এবং পাঁচ হাজার ২৮১ জন আহত হয়েছেন।
লেবাননে বাস্তুচ্যুতদের সহায়তা হিজবুল্লাহর
লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাড়িঘর হারানো মানুষের জন্য নতুন সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে হিজবুল্লাহ। এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বোচ্চ ১৪ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাবে। গতকাল মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান আলি দামুশ।
যুক্তরাষ্ট্র ও লেবাননের নিষেধাজ্ঞা এবং হিজবুল্লাহর অর্থায়ন ও সরবরাহ ব্যবস্থার ওপর লেবাননের সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই এ কর্মসূচি ঘোষণা করল সংগঠনটি। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ অস্ত্র ও অন্যান্য সহায়তার জন্য তেহরানের ওপর নির্ভরশীল।
নিহত সাংবাদিক আনাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ
গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক আনাস আল-শরিফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। পেজটি গাজা থেকে প্রকাশিত তাঁর সংবাদের একটি বিশাল আর্কাইভ ছিল। গত শুক্রবার তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পেজটি বন্ধ অবস্থায় দেখে তাঁর প্রতিনিধি দল ‘গভীরভাবে ব্যথিত’। পেজটি পুনরুদ্ধারে মেটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে সক্ষম যে কাউকে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
- বিষয় :
- গাজা
- যুদ্ধবিরতি