পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত, ডান অংশ অপসারণ
ফুসফুসের নোডিউল অপসারণের অস্ত্রোপচারের আগে রোমের জেমেলি হাসপাতালে পোপ লিও। ছবি: রয়টার্স
সিএনএন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৭:১৩
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তার ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ বছর বয়সী এই ধর্মগুরু।
মঙ্গলবার (স্থানীয় সময়) ইতালির রোমে আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে পোপকে তার কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
চিকিৎসক লুইজি কারবোনে ও অধ্যাপক স্তেফানো মার্গারিতোরার এক বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পোপের বুকে অস্ত্রোপচার করা হয়েছে। অপসারণ করা অংশের পরীক্ষায় পালমোনারি অ্যাডেনোকার্সিনোমার উপস্থিতি পাওয়া গেছে।
অস্ত্রোপচারের পর সুস্থ হতে পোপের প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ভ্যাটিকান। এ কারণে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব ধরনের প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
পোপ চতুর্দশ লিওর পরিবারেও ক্যানসারের ইতিহাস রয়েছে। তার বড় ভাই লুই প্রেভো বর্তমানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০১৭ সালে তার এ রোগ শনাক্ত হয়েছিল। পোপের মা মিলড্রেড ১৯৯০ সালে ক্যানসারে মারা যান। তার বাবা লুই ১৯৯৭ সালে কোলন ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।