জার্মানিতে কিশোরীকে রোবট দিয়ে হয়রানির অভিযোগ, ২ তরুণের বিরুদ্ধে তদন্তে পুলিশ
জব্দ রোবট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৭:৪৮
জার্মানির কোলোনে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে শারীরিকভাবে হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটি জব্দ করার পাশাপাশি সন্দেহভাজনদের দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রোবটটির মালিক ১৬ বছর বয়সী এক কিশোর এবং তার ১৯ বছর বয়সী এক সহযোগীর বিরুদ্ধে ঘটনার সময় রোবটটি নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগ রয়েছে।
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য পুলিশের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১২টার দিকে কোলোন শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন ওই কিশোরী। এ সময় প্রায় ১২০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ফুট) উচ্চতার একটি রোবট পেছন দিক থেকে তার কাছে আসে।
অভিযোগ অনুযায়ী, রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে কিশোরী চিৎকার করে সরে যান।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে জরুরি সেবায় যোগাযোগ করা হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার ১৯ বছর বয়সী সহযোগীকে খুঁজে পাওয়া যায়। কিশোরটি রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিল। পরে সেখান থেকে রোবটটি জব্দ করা হয়।
পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট পরা অবস্থায় দেখা গেছে।
তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন দুজনের দুটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে দেওয়া এক পরবর্তী পোস্টে পুলিশ জানায়, এ ধরনের কিছু মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধের পর্যায়েও পড়তে পারে।
সূত্র: বিবিসি।