ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

একসঙ্গে ৫ সরকারি চাকরি, অসুস্থতা প্রমাণে মুখে দিতেন মেকআপ

আয় সাড়ে তিন লাখ পাউন্ড

একসঙ্গে ৫ সরকারি চাকরি, অসুস্থতা প্রমাণে মুখে দিতেন মেকআপ
×

কাসিম চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ২১:৫২

অসুস্থতার ভান ও ‘ওয়ার্ক ফ্রম হোম’ (ঘরে বসে কাজ) সুবিধার সুযোগ নিয়ে একসঙ্গে পাঁচটি পূর্ণকালীন সরকারি পদে চাকরি করার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি তিনি যে অসুস্থ তা প্রমাণ করতেন মুখে মেকআপ ব্যবহারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

কাসিম চৌধুরী নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত জালিয়াতির মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড বা ৫ কোটি ৭২ লাখ টাকা আয় করেছেন বলে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অভিযোগ আনা হয়েছে। 

পূর্ব লন্ডনের এই বাসিন্দার বিরুদ্ধে প্রতারণার ৯টি অভিযোগের বিচার চলছে। তবে তিনি অসদুপায় অবলম্বনের এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত সূত্রে জানা যায়, কাসিম চৌধুরী চাকরির আবেদন করার সময় নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে এসব চাকরি পেয়েছিলেন। তিন বছর ধরে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, হোম অফিস (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগে একযোগে কাজ করেন। 

আদালতে আইনজীবীরা বলেছেন, ২০২৩ সালে হেলথ সিকিউরিটি এজেন্সিতে তার ম্যানেজার আলিশা অ্যাডামসের সঙ্গে এক ভিডিও কলে অসুস্থতা প্রমাণের জন্য তিনি মুখে সাদা মেকআপ মেখেছিলেন। তবে মিটিং চলাকালীন কপালের মেকআপ খসে আসল ত্বক বেরিয়ে পড়লে বিষয়টি ম্যানেজারের নজরে আসে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী লুসি অর্গান আদালতকে বলেন, ‘প্রতারণার জন্য ওই ব্যক্তি কত দূর যেতে ইচ্ছুক ছিলেন, এই হাস্যকর ঘটনাই তার প্রমাণ।’ 

আইনজীবীরা জানিয়েছেন, কোভিড মহামারির সময় চালু হওয়া ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির চরম অপব্যবহার করেছিলেন তিনি। অসুস্থ মায়ের দেখাশোনার অজুহাত দেখিয়ে তিনি ঘরে বসে কাজ করার অনুমতি নিতেন। কাজের চাপ সামলাতে না পেরে তিনি ‘বিষণ্নতাজনিত ব্যাধি’র কথা বলে কিছু কর্মস্থল থেকে অসুস্থতার সনদ (সিক নোট) নিয়ে সাময়িক ছুটি কাটাতেন, তবে সব নিয়োগকর্তাকে এই তথ্য জানাতেন না। 

শেষ পর্যন্ত ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভ কর্তৃক ডেফরা-কে সতর্ক করার পর তার এই অভাবনীয় প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: বিবিসি। 
 

আরও পড়ুন

×