সিইসির পদত্যাগ দাবি
নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে আজ সিজেপির পতাকা বিক্ষোভ
ছবি: দ্য হিন্দু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৩:৫৬
কাকরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও যন্তরমন্তরে প্রতিবাদ জানানোর অধিকার বাতিল ঘিরে ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আজ শুক্রবার ‘লেহরা দো তেরঙ্গা’ বা জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাজধানীর বাইরে থাকা সমর্থকদের নিজ নিজ শহরে তেরঙ্গা যাত্রা পালনের আহ্বান জানিয়েছেন। খবর দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের।
এদিকে এই পদযাত্রার বিরুদ্ধে আইন অনুযায়ী সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। দিল্লি হাইকোর্টকে পুলিশ জানিয়েছে, সমর্থকদের সিজেপি জাতীয় পতাকাসহ কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ এর বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেবে।
গতকাল বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিজিত দীপকে বলেন, সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো দিল্লিকে অচল করে দিয়েছেন। দিল্লিকে এখন ভারত-পাকিস্তান সীমান্তে পরিণত করা হয়েছে।
সরকারের কঠোর অবস্থানের মুখে চলমান এই আন্দোলন এখন আর শুধু একটি দলীয় বিক্ষোভে সীমাবদ্ধ নেই। সুপ্রিম কোর্টের আইনি লড়াই, বিরোধী দলগুলোর সমর্থন, নারী সাংবাদিকদের নির্যাতন এবং বলিউড অভিনেতা ইমরান খানকে দেশত্যাগের নির্দেশের মতো ঘটনাগুলো গোটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
নিষেধাজ্ঞা অমান্য করে যন্তরমন্তরে প্রবেশ এবং জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ঘটনায় সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে পাঠানো হয়েছে।
বিচার বিভাগকে চাপ দেওয়া যাবে না: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লিতে ১০ অক্টোবরের বিক্ষোভের পর আন্দোলনকারীদের আটক এবং প্রতিবাদের স্থান হিসেবে যন্তরমন্তরকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রায় ৪৬টি আবেদন জমা পড়ে। গতকাল প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানিকালে বলেন, ‘সুপ্রিম কোর্টকে কেউ ভয় দেখাতে বা চাপ সৃষ্টি করতে পারবে না।’
আদালত নির্বাচন কমিশন, কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই সঙ্গে গত সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পিটিশন দাখিলের দিন রাজনৈতিক মিছিল করার অভিযোগে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও অখিলেশ যাদবের বিরুদ্ধে কেন আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না– তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে।
কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী এক পর্যবেক্ষণের পর একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই যন্তরমন্তরকে প্রতিবাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের শুনানি চলার সময় আন্দোলনকারীদের আইনজীবী ও পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং অভিযোগ করেন, ১০ অক্টোবরের ঘটনার সময় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা নারী সাংবাদিকদের ওপর যৌন হয়রানি চালিয়েছেন। এমনকি পুলিশের হয়রানির বিরুদ্ধে সরব হওয়া এক নারী সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে।
অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ
মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ১০ অক্টোবর সিজেপির প্রতিবাদ সভায় অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। তিনি সেখানে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আয়োজিত মিছিলে যোগ দিয়েছিলেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আমির খানের ভাগনে ইমরান খান মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক। ১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী বিদেশি নাগরিকরা দেশে কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন না। ভিসা নীতি লঙ্ঘনের অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।
মোদি বর্বরতার সীমা ছাড়িয়েছেন: ধ্রুব রাঠি
উত্তরাখণ্ডের বহুল আলোচিত অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ডের বিচার চাইতে এসে দিল্লিতে আটক হন তাঁর বাবা-মা। গত বুধবার পুলিশ তাদের আটক করার পর সকালে ছেড়ে দেয়। এই ঘটনায় চরম ক্ষোভ উগরে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
সামাজিক মাধ্যমে এএনআইয়ের একটি ভিডিও শেয়ার করে ধ্রুব রাঠি লেখেন, ‘নরেন্দ্র মোদি বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছেন। এই ব্যবস্থার কারণেই অঙ্কিতাকে প্রাণ দিতে হয়েছে, আর এখন সেই একই ব্যবস্থা তাঁর বাবা-মাকেও রেহাই দিচ্ছে না।’
- বিষয় :
- ভারত
- পদত্যাগের দাবি
- বিক্ষোভ মিছিল