বার পরীক্ষায় ফেলের কথা স্বীকার করলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৬:৫৮
নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া বার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক শুরুর পর তিনি নিজে বিষয়টি স্বীকার করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কেটিকে নিয়োগ দেন। এর আগে তিনি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সামাজিক মাধ্যমের পোস্টে নিজেকে আইনজীবী পরিচয় দিতেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি অলাভজনক সংস্থার প্রধান আইনি উপদেষ্টা হিসেবেও তুলে ধরতেন।
প্রেস সেক্রেটারি হওয়ার পর গত মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে কেটির আইনজীবী যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি কোথায় থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তা জানতে চাওয়া হয়। এ সময় অস্পষ্ট উত্তর দিলে শুরু হয় বিতর্ক।
স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে কেটিকে এ বিষয়ে প্রশ্ন করেন উপস্থাপক শন হ্যানিটি। জিজ্ঞেস করা হয়, ‘আপনি বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু উত্তীর্ণ হতে পারেননি, এটা কি ঠিক?’ জবাবে কেটি বলেন, ‘হ্যাঁ।’
দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বিষয়ে জানতে চাইলে কেটি বলেন, ‘আমি অংশ নেইনি।’ ছয় বছরের মধ্যে চার সন্তান জন্মদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইন পেশায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমার কখনো ছিল না।’
৪১ বছর বয়সী কেটি ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রে শুধু ডিগ্রি অর্জন করলেই কেউ আইন পেশায় যুক্ত হতে পারেন না। তাঁকে বার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
বৃহস্পতিবার রক্ষণশীল গণমাধ্যম রিয়েল আমেরিকা’স ভয়েসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে কেটি বলেন, তিনি বার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার পরিকল্পনার কারণে পরীক্ষায় মনোযোগ দিতে পারেননি।
কেটি বলেন, তিনি চীনে যাচ্ছিলেন। তাই বার পরীক্ষার ফলাফলের খুব একটা গুরুত্ব ছিল না। কারণ তিনি জানতেন, চীনে বার সনদের প্রয়োজন হবে না।