ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দিল্লিতে সমাবেশ বন্ধে সিজেপি নেতার বাড়িতে পুলিশ, সঙ্গে নোটিশ

দিল্লিতে সমাবেশ বন্ধে সিজেপি নেতার বাড়িতে পুলিশ, সঙ্গে নোটিশ
×
×

অভিজিত দীপকের বাসভবনে নোটিশ পৌঁছে দেন পুলিশের এক কর্মকর্তা। শুক্রবার দিল্লিতে। ছবি: পিটিআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৭:৪৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১৮:০৩

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার বিকেলে তিরাঙ্গা মার্চ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর কয়েক ঘণ্টা আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকের বাসভবনে গিয়ে সমাবেশ বন্ধের নোটিশ দিয়েছে পুলিশ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কনট প্লেসের স্টেশন হাউস অফিসার দীপকের কাছে নোটিশটি পৌঁছে দেন। এতে বলা হয়েছে, দীপকে কোনো বৈধ অনুমতি ছাড়াই প্রকাশ্য বিবৃতি ও সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।

ইনস্টাগ্রামে নোটিশ হস্তান্তর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে সিজেপি। ওই সময় পুলিশ কর্মকর্তার উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আমরা তো বলিনি যে বিক্ষোভ করব। আমরা শুধু তিরঙ্গা (জাতীয় পতাকা) ওড়াব। এজন্যও কি অনুমতি নিতে হবে?’

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নোটিশে পুলিশ মূলত জননিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে কনট প্লেসের আশপাশে মিছিল, সমাবেশ করতে নিষেধ করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিলেই কেবল নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে দেওয়া হবে।

দীপকেকে পুলিশ আরও জানিয়েছে, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি আছে। এই আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

সকালে প্রশাসনিক কারণ দেখিয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধের নোটিশ দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। এর আশপাশে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

পূর্বঘোষিত এই কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা। বিকেল পাঁচটার পর এএফপি প্রকাশিত কয়েকটি ছবিতে, কনট প্লেসে বেশ কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে। তারা সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি।

গত মঙ্গলবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তিরঙ্গা মার্চের ডাক দেওয়া হয়। এছাড়া, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানাচ্ছে।

আরও পড়ুন

×