বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
অভিজিত দীপকে (বাঁয়ে) ও নেহা বোরাকে আটকের মুহূর্ত। ছবি: এএনআই ও এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৮:২৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১৯:১৭
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেকে বাসা থেকে আটক করেছে পুলিশ। এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
শুক্রবার রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। দীপকেকে আটকের আগে তাঁর বাড়িতে একটি নোটিশ নিয়ে যান কনট প্লেসের স্টেশন হাউস অফিসার। এতে বলা হয়, দীপকে কোনো বৈধ অনুমতি ছাড়াই প্রকাশ্য বিবৃতি ও সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
How many will the Modi-Shah put under arrest? Abhijeet’s detention is gross violation of his rights. Every arrest this government makes more youth will hit the streets! https://t.co/rb0vqyBkbR
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 16, 2026
এনডিটিভি নেহা বোরাকে তুলে নেওয়ার কথা উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করে। এতে নেহাকে আটকের চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। ক্যাপশনে লেখা ছিল, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।
🚨 Breaking🚨 Delhi Police trying to forcibly detain Neha Bora as she marches again from Mandi House towards the Election Commission. https://t.co/pdqZf1w7hZ
— Neha Bora Team (@NehaAisa) October 16, 2026
নেহাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ক্যাপশনে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেছে।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে তিরঙ্গা মার্চ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। জমায়েত ঠেকাতে সকালেই সমাবেশস্থল সেন্ট্রাল পার্ক বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। এর আশপাশে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
দুপুরের পর দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি দল নোটিশ নিয়ে অভিজিত দীপকের বাসভবনে যায়। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নোটিশে পুলিশ মূলত জননিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে কনট প্লেসের আশপাশে মিছিল, সমাবেশ করতে নিষেধ করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিলেই কেবল নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে দেওয়া হবে।
দীপকেকে পুলিশ আরও জানায়, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি আছে। এই আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
বিকেল পাঁচটার পর এএফপি প্রকাশিত কয়েকটি ছবিতে, কনট প্লেসে বেশ কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে। তারা সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি।