ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মুচলেকায় মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ দীপকে

মুচলেকায় মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ দীপকে
×
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:৩৮

গ্রেপ্তারের একদিন পর দিল্লির একটি আদালত সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন। জানা গেছে, তাকে ৫০ হাজার রুপির বন্ড প্রদান এবং ‘শান্তি ভঙ্গ’ না করার মুচলেকা দিতে নির্দেশ দেওয়া হয়। আজ শনিবার এই আদেশ দেন আদালত।

এর আগে, নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের অংশ হিসেবে কনট প্লেসে একটি পদযাত্রার (‘তিরঙ্গা মার্চ’ বা পতাকা মিছিল) পরিকল্পনার কারণে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ।  

ম্যাজিস্ট্রেটের সামনে শুনানির পরপরই তিনি দিল্লির মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

মুক্তির পর প্রথম প্রতিক্রিয়ায় এক্সে (সাবেক টুইটার) দীপকে একটি ছবি শেয়ার করেন, যেখানে ২০০৪ সালের ‘ভীর-জারা’ চলচ্চিত্রে পাকিস্তানের একটি কারাগার থেকে ২২ বছর পর মুক্তি পেয়ে শাহরুখ খানের চরিত্রকে কাঁদতে দেখা যায়। তিনি এর ক্যাপশনে লেখেন, ‘ওয়াইফাই এবং ফোন ছাড়া ২৪ ঘণ্টা পর জেল থেকে বের হতে যেমন লাগে।’ 

শুক্রবার দীপকে ছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরা আটক হন। দিল্লি পুলিশ জানিয়েছে, বোরাকে আজ শনিবার ভোরে মুক্তি দেওয়া হলেও দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।

আলাদাভাবে, সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের দায়ে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে ওই স্থানটিকে প্রতিবাদের স্থান হিসেবে বাতিল (ডিনোটিফাই) করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনায় ‘ল্যাহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ পদযাত্রার আগে নেহা বোরা এবং অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল। তারপরও ছাত্র এবং অন্যান্যরা পতাকা নিয়ে ছোট ছোট পদযাত্রা করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের অধীনে তার আটকের সাথে সম্পর্কিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়, তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারার অধীনে শান্তি ভঙ্গের একটি নতুন মামলায় অভিজিৎ দীপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুন

×