ভারতে মন্দিরের দেয়ালে ট্রাকের ধাক্কা, নিহত ১৫
গোয়ালিয়রে মন্দিরের দেওয়ালে ট্রাকের ধাক্কা। ছবি: আইটিজি
এনডিটিভি ও ইন্ডিয়া টুডে
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১১:৪৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১১:৫২
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ধানবোঝাই ট্রাকের চাপায় অন্তত ১৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। শনিবার গভীর রাতে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরগামী ভক্তদের ওপর উঠে যায়। পরে মন্দিরের প্রবেশদ্বার ও বাইরের দেয়ালে ধাক্কা খায়।
গোয়ালিয়রের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিংয়ের তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে ছিনোর রোডে এ দুর্ঘটনা ঘটে। সড়কটিতে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ রয়েছে। ওই সময় ধানবোঝাই ট্রাকটিকে রাস্তায় থামানো হয়েছিল। পরে সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে নেমে যায়। এ সময় মন্দিরের দিকে হেঁটে যাওয়া ভক্তরা ট্রাকটির নিচে চাপা পড়েন।
ধর্মবীর সিং ঘটনাটিকে মর্মান্তিক বলে অভিহিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। নবরাত্রি উপলক্ষে ওই সড়কে ব্যারিকেড ও পুলিশের তল্লাশিচৌকি বসানো ছিল। তা সত্ত্বেও ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দলকে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকেরা সিটি স্ক্যান ও এক্স-রে করছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ ও দোকানপাটের ওপর দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই কয়েকজনকে মারা যেতে দেখেছেন। দুর্ঘটনায় আমরা ভাইও আহত হয়েছেন। ঘটনার পর সেখানে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিক বক্তব্যে নিহতের সংখ্যা ১১ ও ১২ বলা হলেও পরবর্তী তথ্যে তা বেড়ে ১৫ হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর; তাদের হাড় ভেঙে গেছে। অন্যরা বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন।
এদিকে নিহতদের মরদেহ গোয়ালিয়রের ময়নাতদন্ত কেন্দ্রে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জন্য পুলিশ ও প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্বজনদের সঙ্গে কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডাও হয়।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
দুর্ঘটনার ঘটনায় পুলিশ মামলা করেছে। ট্রাকটি কীভাবে ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারাল, সে বিষয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- ট্রাকের ধাক্কায় নিহত
- ভারত
- আহত
- নরেন্দ্র মোদি