সৌদিতে হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের, দুই পাইলট নিহত
সৌদি আরবের আকাশে এএইচ-৬৪ অ্যাপাচি (ওপরে) ও ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার। গত ২২ সেপ্টেম্বর। ছবি: এএফপি
এএফপি ও আল জাজিরা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৩:২১
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের শহর নাজরানে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে হুতিরা। এতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট হেলিকপ্টার বিধ্বস্তের ভিন্ন কারণ উল্লেখ করেছে।
রোববার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেন সীমান্তের কাছে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সামরিক সদস্য নিহতের ঘটনা এটিই প্রথম।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে নাজরান এলাকায় ন্যাশনাল গার্ডের একটি এএইচ-সিক্সআই রিকনেসান্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’
ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ নিয়ে সৌদি আরবের বাহিনী হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় চার মাস ধরা চলা সংঘাতের মাঝেই লোহিত সাগর উপকূলের একটি কৌশলগত এলাকা দখলে নেয় হুতিরা। এরপর সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।
দেশটির এডেনভিত্তিক সরকারের সঙ্গে মিলে সৌদি আরবের বাহিনী সানাভিত্তিক হুতিদের লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে। বিপরীতে হুতিরাও লোহিত সাগরের নৌযান, তেলের স্থাপনা ও রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
গত সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে চালানো একটি হামলায় অন্তত ১৩ জন নিহত হন।
- বিষয় :
- হেলিকপ্টার
- পাইলট
- নিহত
- সৌদি আরব
- হুতি বিদ্রোহী