সৌদিকে সহায়তা দিতে মিশরের পার্লামেন্টে জরুরি অধিবেশন
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এসপিএ/এএফপি
এএফপি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৪:২৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৪:৪৪
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিশর। রোববার দেশটির পার্লামেন্টে এক জরুরি অধিবেশন ডেকেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিও সৌদিকে সহায়তা দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে মিলে হুতি বিরোধী লড়াইয়ের একটি জোটে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। মিশর ২০১৫ সালেও এই জোটে যোগ দিয়েছিল। তখন তাদের ভূমিকা ছিল লোহিত সাগরের নৌপথে সুরক্ষা নিশ্চিত করা।
পার্লামেন্টে অধিবেশন আহ্বান করার আগে শনিবার মিশরীয় সামরিক একাডেমির এক সমাবর্তনে এল-সিসি বলেন, রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়লে কায়রো চুপ করে বসে থাকবে না। অবশ্যই বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় প্রতিরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নেবে।
সিসি বলেন, ‘আমি কারও সঙ্গে যুদ্ধ করা বা কাউকে আক্রমণ করার কথা বলছি না। আমরা কেবল প্রতিরক্ষার কথা বলছি।’ তাঁর এই মন্তব্যের পরপরই রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্টের অনুরোধে রোববার পার্লামেন্ট জরুরি অধিবেশনে বসবে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে কায়রো সফর করেন। তখনও দেশটির নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন সিসি। দুজনই সুয়েজ খালের প্রবেশদ্বার লোহিত সাগরে অবাধ ও নিরাপদ নৌ চলাচলের ওপর গুরুত্ব দেন।
সুয়েজ খাল মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু চলমান সংঘাত এতে ঝুঁকি তৈরি করেছে। গত মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি জানান, ২০২৩ সালে হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরুর পর থেকে সুয়েজ খাল প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারের রাজস্ব হারিয়েছে। গাজা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ওই হামলা চালানো হয়েছিল।
- বিষয় :
- মিশর
- সহায়তা
- সৌদি আরব
- হুতি বিদ্রোহী