ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইসরায়েলে গোপন সফরে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক

ইসরায়েলে গোপন সফরে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক
×
×

বেনিয়ামিন নেতানিয়াহু ও পিট হেগসেথ। ফাইল ছবি: এপি

টাইমস অব ইসরায়েল

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৬:৩৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার ইসরায়েলে অঘোষিত সফর করেছেন। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে। অবগত সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনটি প্রকাশের পর হেগসেথ নিজেও মধ্যপ্রাচ্যে অঘোষিত সফরের কথা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি। শুধু বলেন, সফরের সময় অঞ্চলটিতে থাকা মার্কিন সেনাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

অ্যাক্সিওসকে সূত্র জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের বৈঠক হয়। সেখানে মার্কিন যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন আছে। বৈঠকে অন্য কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সামরিক কর্মী উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ইসরায়েলে নির্বাচনের কয়েকদিন আগে হেগসেথের গোপন সফরের খবর সামনে এলো। এই নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার আলোচনার প্রেক্ষাপটেও বৈঠকের খবর সামনে এলো।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী, নেতানিয়াহু সাধারণত দক্ষিণ ইসরায়েলে যাওয়ার সময় হেলিকপ্টার ব্যবহার করেন। কিন্তু বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছিলেন।

ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস প্রতিবেদনগুলো নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। নেতানিয়াহুর দপ্তর ও পেন্টাগনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 

আরও পড়ুন

×