সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর, ৮০ জন বিদেশি
সৌদি আরবের জাতীয় পতাকা। ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২১:৩১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ২১:৪১
সৌদি আরবের কর্তৃপক্ষ চলতি বছর ১৯০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে ১১৬ জন মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন; তাদের মধ্যে ৮০ জন ছিলেন বিদেশি নাগরিক।
মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তারা বিভিন্ন সময় কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের তথ্য সংরক্ষণ করেছিল। তবে বিদেশি নাগরিকদের দেশভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি দেশটিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তারা ওই ১৯০ জনের মধ্যে ছিলেন কি না তা এএফপির প্রতিবেদনে স্পষ্ট নয়।
গত শনিবার সন্ত্রাসবাদের দায়ে ইস্টার্ন প্রভিন্সে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইউসেফ আল-মানাসিফ (৩০) নামে সৌদির আরেক নাগরিক মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন। তিনি কিশোর বয়সে আরব বসন্তের বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
এএফপি লিখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে। এমন প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো ঘটছে। দেশটি জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ডকে প্রয়োজনীয় বলে মনে করে। একই সঙ্গে দাবি করে, আপিলের সুযোগ শেষ হওয়ার পরই কেবল এটি প্রয়োগ করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ও ইরানের পর সৌদি আরব বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ছিল।
গত জানুয়ারি থেকে সৌদি আরব সন্ত্রাসবাদের দায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর বেশিরভাগই পূর্বাঞ্চলে। গত বছর সেখানে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
- বিষয় :
- সৌদি আরব
- মৃত্যুদণ্ড