ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

‘সাদ্দামের রেস্তোরাঁ’ খোঁচায় ক্ষুব্ধ ট্রাম্প, জবাব দিলেন ৩ মিনিট ধরে

‘সাদ্দামের রেস্তোরাঁ’ খোঁচায় ক্ষুব্ধ ট্রাম্প, জবাব দিলেন ৩ মিনিট ধরে
×
×

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার খোঁচার জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি/ কোলাজ

এএফপি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৫:০৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ | ১৫:০৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস দেখে মনে হয়, এটি যেন চিজকেক রেস্তোরাঁ। যেটি চালায় সাদ্দাম হোসেন।’ স্থানীয় সময় সোমবার পূর্বসূরির এমন খোঁচার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট।

ওবামা ও ট্রাম্পের বিরোধ দীর্ঘদিনের। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রচার চালাচ্ছেন। সেগুলোতে তিনি ট্রাম্পের সমালোচনা করে নানা মন্তব্য করেন। এর মধ্যে ‘সাদ্দামের চিজকেক রেস্তোরাঁ’ সংক্রান্ত খোঁচাটি সম্ভবত ট্রাম্পকে বেশি আঘাত করেছে।

সাংবাদিকরা খোঁচার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প প্রায় তিন মিনিট ধরে এ নিয়ে কথা বলেন। ওবামাকে উদ্দেশ্য করে বলেন, ‘হোয়াইট হাউসকে আপনার চিজকেক ফ্যাক্টরি মনে হওয়ার বিষয়টিই প্রমাণ করে যে, আপনি কত বাজে প্রেসিডেন্ট ছিলেন।’

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ‘ওবামার মতো লোকেরা সামনের দরজা (হোয়াইট হাউসের) দিয়ে হেঁটে চলে যেতেন। তারা ভাঙা ইটের গাঁথুনি দেখতেন। দেয়ালগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। সেখানে ময়লা-আবর্জনা জমে ছিল। সেগুলো চোখে পড়েনি।’

চিজকেক ফ্যাক্টরি একটি জনপ্রিয় রেস্তোরাঁ চেইন। খাবারের তালিকা ও বৈচিত্র্যময় অন্দরসজ্জার জন্য এটি পরিচিত। ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউস সংস্কার করেছেন। এর মধ্যে আছে বিশাল একটি বলরুম নির্মাণ এবং ওভাল অফিসজুড়ে সোনার পাতের অলংকার যোগ করা।

গত শনিবার এক নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, ‘তিনি (ট্রাম্প) হোয়াইট হাউসের এমন অবস্থা করেছেন, যেন সাদ্দাম হোসেন সেখানে একটি চিজকেক ফ্যাক্টরি খুলেছেন।’ এখানে সাদ্দাম হোসেন বলতে ইরাকের সাবেক স্বৈরশাসককে ইঙ্গিত করা হয়েছে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চিজকেক ফ্যাক্টরি নিয়ে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইঙ্গিত দেয়- নির্বাচন যত ঘনিয়ে আসছে, ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্টের ধৈর্যও তত কমে যাচ্ছে। গত রোববার রাতে ট্রুথ সোশ্যালে তিনি প্রায় ১ হাজার ৩০০ শব্দের একটি পোস্ট দেন। সেটি ইরান যুদ্ধ কিংবা মার্কিন অর্থনীতি নিয়ে ছিল না। বরং বিল মাহের নামে এক কৌতুকশিল্পীকে আক্রমণ করে ওই দীর্ঘ পোস্ট দিয়েছিলেন।

গত কয়েকদিনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে। ওই প্রশ্নগুলো ছিল, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে।

আরও পড়ুন

×