ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সৌদিতে মিশরের সামরিক সহায়তাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলছে হুতিরা

সৌদিতে মিশরের সামরিক সহায়তাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলছে হুতিরা
×
×

পিকআপ থেকে হুতিদের লক্ষ্য করে গুলি চালায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যোদ্ধারা। সোমবার তাইজ প্রদেশে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৬:০৭

সৌদি আরবকে রক্ষায় সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। এটিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর এক কর্মকর্তা। মূলত হুতিদের হামলা ঠেকাতে মিশর ওই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল-হুতি বলেন, কিছু লোক যখন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করছেন, তখন মিশর সৌদি আরবের তথাকথিত প্রতিরক্ষায় সমর্থন করছে। এর মাধ্যমে তারা ইয়েমেন প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে।

সোমবার ইরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেছেন। সেটির প্রতিক্রিয়ায় টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেন আল-হুতি। সেখানে তিনি মিশরের সামরিক সহায়তার প্রসঙ্গ তুলে এমন মন্তব্য করেন।

তেহরানে হওয়া বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির, তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন ও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন।

সম্প্রতি সৌদি, পাকিস্তান ও তুরস্ক ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। তবে চলতি মাসে হুতিরা সৌদিতে হামলা জোরদার করলেও বাকি দুই দেশ দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে আল-হুতি বলেন, এই প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসনমূলক পদক্ষেপ। হুতিরাও এমন কোনো জোটকে ভয় পায় না।

আরও পড়ুন

×