বেহালায় অভিযুক্তদের খালি গায়ে হাঁটানোর ঘটনায় পুলিশের শাস্তি দাবি এপিডিআরের
বেহালায় অভিযুক্তদের খালি গায়ে হাঁটায় পুলিশ। ছবি-ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৭:১৬
কলকাতার বেহালায় এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের একই কায়দায় খালি গায়ে, খালি পায়ে ও কোমরে দড়ি বেঁধে হাঁটানোর ঘটনায় পুলিশের শাস্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)।
সংগঠনটির সহ-সভাপতি রঞ্জিত শূর এক বিবৃতিতে বলেন, অভিযুক্তদের সঙ্গে পুলিশের এমন আচরণ চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অভিযুক্তদের অপরাধের বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু পুলিশই যখন একই ধরনের আচরণ করে, তখন তার বিচার কে করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
রঞ্জিত শূর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব যাদের, তারাই বারবার তা ভাঙছে। এ ধরনের ঘটনায় বিচারব্যবস্থা হাস্যকর হয়ে উঠছে। সমাজকে ‘চোখের বদলে চোখ’ নীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য বিজেপি ও আরএসএসকে দায়ী করেন এপিডিআরের এই নেতা।
তিনি বলেন, মানুষকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ঘটনায় অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে অভিযুক্তদের খালি গায়ে রাস্তায় হাঁটানোর ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরও শাস্তি দাবি করেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বেহালার সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে প্রেমের সম্পর্কে আপত্তিকে কেন্দ্র করে এক যুবক, তাঁর বাবা ও এক বন্ধুকে মারধর এবং নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ ওঠে এক তরুণীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর বাবা প্রদীপ সরকার, মা রিঙ্কু সরকার, মামা রাহুল বর্মন ওরফে ভুলু এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে শংকর সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার তদন্তের অংশ হিসেবে প্রদীপ সরকার, রাহুল বর্মন ও শংকর সাউকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে পুলিশ। এ সময় তাঁদের খালি গায়ে, খালি পায়ে ও কোমরে দড়ি বেঁধে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এপিডিআর।